টেলিগ্রাম নিষিদ্ধ ভারতে! নিট পরীক্ষার মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের, জেনে নিন কেন?

নিট (NEET-UG) পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রতারণা চক্রের দৌরাত্ম্য রুখতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আপাতত ভারতে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম ‘টেলিগ্রাম’।
চলতি মাসের ২১ তারিখ পুনরায় নিট-ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, আগামী ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের অ্যাক্সেস বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে, ৩০ জুন পর্যন্ত টেলিগ্রামের ‘মেসেজ এডিট’ ফিচারটিও নিষ্ক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন নজরে টেলিগ্রাম?
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র অভিযোগ, একটি অসাধু চক্র টেলিগ্রামকে ব্যবহার করে পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করার চেষ্টা করছিল। পরীক্ষার পর পুরনো মেসেজ এডিট করে সেখানে প্রশ্নপত্র জুড়ে দেওয়া হতো এবং টাইমস্ট্যাম্প একই রেখে সেটিকে ‘প্রশ্ন ফাঁস’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হতো। এর মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোই ছিল মূল লক্ষ্য।
প্রতারণা চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা
প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একাধিক টেলিগ্রাম চ্যানেল ও বটের বিরুদ্ধে। এনটিএ জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (I4C)-এর সহায়তায় এই প্রতারণা চক্রের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। ইতিমধ্যে বেশ কিছু সন্দেহভাজন চ্যানেল ও গ্রুপ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আহমেদাবাদ সাইবার ক্রাইম শাখা একটি আন্তঃরাজ্য প্রতারণা চক্রের সদস্যদের গ্রেফতারও করেছে।
পরীক্ষার্থীদের জন্য বার্তা
নিট পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এনটিএ স্পষ্ট জানিয়েছে, নিরাপত্তার কড়াকড়িতে এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগই নেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যেকোনো ‘প্রশ্ন ফাঁস’-এর দাবি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। কোনো প্রলোভনে পা না দিয়ে এবং এই ধরনের প্রতারণামূলক মেসেজে বিশ্বাস না করে পরীক্ষার্থীদের নিজেদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে এনটিএ।