IRCTC-র সাইটে CAPTCHA উঠে যাচ্ছে? জেনেনিন কীভাবে হবে টিকিট বুকিং

তৎকাল টিকিট বুকিংয়ের সময় বারবার সার্ভার ডাউন, ধীর গতি আর জটিল ক্যাপচার জাঁতাকলে পড়ে টাকা কেটে নেওয়া অথচ টিকিট না পাওয়ার মতো অভিজ্ঞতার সাক্ষী আমরা অনেকেই। তবে এবার আর এমনটা হবে না। ভারতীয় রেলের যাত্রী পরিষেবায় এক বড় মাইলফলক তৈরি হতে চলেছে। আগামী ১৫ জুলাই, ২০২৬ থেকে আত্মপ্রকাশ করতে চলেছে আইআরসিটিসি (IRCTC)-র নতুন ও উন্নত ওয়েবসাইট।
কেন এই পরিবর্তন? রেলমন্ত্রক সূত্রে খবর, বর্তমান ওয়েবসাইটের প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে টিকিট বুকিংকে আরও দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য করে তোলাই এই পরিবর্তনের মূল লক্ষ্য। বিশেষ করে তৎকাল বুকিংয়ের মতো পিক আওয়ারের প্রচণ্ড ট্র্যাফিক সামলাতে নতুন ওয়েবসাইটের ব্যাকএন্ড পরিকাঠামোকে ঢেলে সাজানো হচ্ছে।
নতুন ওয়েবসাইটে কী কী চমক থাকছে?
-
ইউজার ইন্টারফেসের আধুনিকীকরণ: ওয়েবসাইটটিকে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি করা হচ্ছে, যাতে যে কেউ খুব সহজে টিকিট কাটতে পারেন।
-
ক্যাপচা থেকে মুক্তি: দীর্ঘদিনের অভিযোগ মেনে জটিল ক্যাপচা সিস্টেম সহজ করা হচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে তা বাদও দেওয়া হতে পারে। এতে প্রতিটি সেকেন্ড মূল্যবান যে তৎকাল বুকিংয়ে বড় সুবিধা পাবেন যাত্রীরা।
-
সার্ভার ও গতির উন্নয়ন: সিস্টেম রেসপন্স ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে, যাতে লক্ষ লক্ষ মানুষ একই সঙ্গে লগ-ইন করলেও ওয়েবসাইট ক্র্যাশ না করে।
-
সহজ পরিষেবা: পিএনআর (PNR) স্ট্যাটাস চেক করা, রিফান্ড সংক্রান্ত তথ্য জানা এবং অন্যান্য যাত্রী পরিষেবাকে আরও দ্রুত ও স্বচ্ছ করা হয়েছে।
এক ছাত্রীর সাহসেই এলো এই পরিবর্তন! এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে এক অনুপ্রেরণামূলক ঘটনা। জয়পুরের মালভিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (MNIT) ইঞ্জিনিয়ারিং ছাত্রী লাবিশা মীনা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আইআরসিটিসি পোর্টালের প্রযুক্তিগত সমস্যাগুলো তুলে ধরেন। রেলমন্ত্রী সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে ৩০ দিনের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম আপগ্রেড করার নির্দেশ দেন। এমনকি, নতুন ওয়েবসাইটের প্রোটোটাইপ নিয়ে ওই ছাত্রীর মতামতও গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ, যা সরকারি পরিষেবায় স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণের এক বিরল দৃষ্টান্ত।
কোটি কোটি যাত্রীর স্বস্তি রেলমন্ত্রকের মতে, এই পদক্ষেপ ডিজিটাল ইন্ডিয়ার ক্ষেত্রে এক বড় উদ্যোগ। সাধারণ যাত্রীদের জীবনের প্রতিদিনের ভোগান্তি কমাতে এই আধুনিক ওয়েবসাইটটি এক বড় পাওনা হতে চলেছে।