“মদের বোতল, মেয়েদের অন্তর্বাস”-কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার আপত্তিকর বস্তু

রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক চাঞ্চল্যকর উদ্ধারের ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল। সুরেন্দ্রনাথ কলেজ বা কাঁচরাপাড়ার স্কুলের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আনন্দচন্দ্র (এসি) কলেজের স্টুডেন্ট ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো বিদেশি মদের বোতল, আপত্তিকর সামগ্রী এবং মহিলাদের পোশাক। এই ঘটনায় শাসকদলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী ছাত্র সংগঠন।

কী পাওয়া গেল ইউনিয়ন রুমে? দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই ইউনিয়ন রুমের তালা ভেঙে ভিতরে ঢুকতেই চমকে ওঠেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) সদস্যরা। সূত্র অনুযায়ী, বন্ধ দরজার ওপারে থরে থরে সাজানো ছিল বিদেশি মদের বোতল। সেই সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আপত্তিকর সামগ্রী এবং মহিলাদের অন্তর্বাস। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই কলেজ চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাজনৈতিক তরজা তুঙ্গে: এবিভিপি-র সরাসরি অভিযোগ, সাধারণ পড়ুয়াদের জন্য তৈরি এই ইউনিয়ন রুমটিকে দীর্ঘ দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ তাদের ‘অসামাজিক কাজের আখড়া’ হিসেবে ব্যবহার করছিল। শিক্ষার পরিবেশ নষ্ট করে ইউনিয়ন রুমের আড়ালে এই ধরণের কর্মকাণ্ড বরদাস্ত করা যায় না বলে দাবি তাদের। এই ঘটনার জেরে কলেজের নিরাপত্তা ব্যবস্থা এবং ছাত্র সংসদের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

পরপর ঘটনায় চাপে প্রশাসন: উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন কলেজ ও স্কুলে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে। কোথাও আলমারি ভর্তি টাকা, কোথাও বা স্কুল ঘরের ভেতরেই বেডরুম ও কন্ডোমের প্যাকেট উদ্ধার হচ্ছে। সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে কাঁচরাপাড়ার স্কুলের পর এবার উত্তরবঙ্গের কলেজে এমন কাণ্ড। বিরোধীদের দাবি, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ‘রিসর্ট’ বানিয়ে ফেলা হয়েছে।

এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। উদ্ধার হওয়া সামগ্রীগুলি ইতিমধ্যে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।