‘টাটাকে রাজ্যে ফেরাতেই হবে!’ শিল্পমন্ত্রী হওয়ার পরেই বড় ঘোষণা তাপস রায়ের

রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব নিয়েই ঝড় তুললেন মন্ত্রী তাপস রায়। নিউজ১৮ বাংলাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিলেন, তাঁর প্রধান লক্ষ্য শিল্পক্ষেত্রে বাংলাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং তার জন্য তিনি প্রয়োজনে সব ধরণের প্রচেষ্টা করতে প্রস্তুত।
শিল্পায়নের ক্ষেত্রে টাটা গোষ্ঠীর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘‘টাটাকে রাজ্যে ফেরাতেই হবে। রতন টাটা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে তাঁর কাছে ছুটে যেতাম। শিল্প জগতে তিনি একজন ‘ফাদার ফিগার’। আমি তাঁকে হাতে ধরে অনুরোধ করতাম রাজ্যে বিনিয়োগের জন্য।’’
তিনি আরও যোগ করেন, ‘‘রতন টাটাজির যারা উত্তরাধিকারী, আমি তাঁদের কাছে যাব। প্রয়োজন হলে তাঁদের হেড কোয়ার্টারে যাব। শুধুমাত্র টাটা নয়, দেশের ও বিদেশের বড় বড় শিল্পপতিদের কাছে যেতে আমি বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করব না। প্রয়োজনে তাঁদের পায়ে ধরে অনুরোধ করব, কিন্তু রাজ্যে শিল্প আনবই।’’
বিগত দিনের শিল্পায়নের ব্যর্থতা নিয়ে আক্রমণাত্মক মেজাজে তাপস রায় বলেন, ‘‘বিরোধী রাজনীতি করতে গিয়ে আগের সরকার শিল্প ও কৃষি—উভয়ই হারিয়েছে। শুধু বিজিবিএস (BGBS) বা স্পেনে যাওয়ার বাগাড়ম্বরে কিছুই হয়নি। কিন্তু এখনকার বাংলা আর সেই বাংলা নেই। বাংলা বদলেছে, মানুষের ধারণা (Perception) বদলেছে।’’
নতুন শিল্পমন্ত্রীর স্পষ্ট বার্তা, বাংলায় এখন আর তোলাবাজি বা ট্রেড ইউনিয়নের নামে অরাজকতা বরদাস্ত করা হবে না। শিল্পপতিদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘‘এখানে তোলাবাজির দিন শেষ। এখানে আর কোনো অত্যাচার হবে না। স্বচ্ছ শিল্পবান্ধব পরিবেশ তৈরিতেই আমার সরকার বদ্ধপরিকর।’’
দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তাপস রায়ের এই অনমনীয় মনোভাব রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার, তাঁর এই উদ্যোগ বাস্তবে কতটা রূপ পায় এবং শিল্পমহল কতটা আস্থা রাখে নতুন নেতৃত্বাধীন এই বাংলার ওপর।