দল বদলের জল্পনায় ইতি! শুভেন্দু-বৈঠক নিয়ে মুখ খুললেন দেব, কী বললেন সাংসদ?

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙন ও দলবদলের গুঞ্জন তুঙ্গে। এর মধ্যেই গত কয়েক দিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিনেতা-সাংসদ দেবের বৈঠক ঘিরে জল্পনার পারদ চড়ছিল আকাশছোঁয়া। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন ঘাটালের সাংসদ।
সৌজন্যের রাজনীতিই আমার পথ: দেব
দল বদল বা শিবির পরিবর্তনের জল্পনা প্রসঙ্গে দেব বলেন, “আমাকে আপনারা ২০১৪ সাল থেকেই দেখছেন। আমি সারা জীবন সৌজন্যের রাজনীতিই করে এসেছি। আজ যদি মানুষ বলেন দেব পাল্টে গিয়েছে, তবে ভুল। আমি চিরকাল মানুষকে এক রাখার ও ভালোবাসার রাজনীতিই করেছি।”
তিনি আরও যোগ করেন, “আমি কোনোদিন আমার মঞ্চ থেকে কাউকে আক্রমণ বা অপমান করিনি। ২০১৪ থেকে ২০২৬—আমি এমন কোনো কাজ করিনি যাতে মানুষের মনে হয় আমাকে ভোট দিয়ে তারা ভুল করেছেন। বরং মানুষের হকের জন্য লড়াই চালিয়ে গেছি।” অতীতের উদাহরণ টেনে সাংসদ বলেন, “এয়ারপোর্টে আমাকে যখন ‘জয় শ্রী রাম’ বলা হয়েছিল, আমি তাঁদের জড়িয়ে ধরেছিলাম। আমি এমন কিছু করিনি যাতে আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।”
ঘাটাল মাস্টার প্ল্যান ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বা ‘নতুন তৃণমূলে’ যাওয়ার জল্পনা ওড়ানোর পাশাপাশি, বৈঠকের আসল উদ্দেশ্যও খোলসা করেছেন দেব। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি দেখা করেছেন মূলত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তাঁর কথায়, “আজও সেই কাজের জন্যই দেখা করতে এসেছি। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করা হবে।”
মমতার প্রতি ভালোবাসা অটুট
দল ছাড়ার জল্পনা সরাসরি নস্যাৎ করে দিয়ে দেব বলেন, “অনেকে বলছেন আমি দল পরিবর্তন করছি, কিন্তু না—আমি যাচ্ছি না।” সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধা অটুট। পাশাপাশি, দলের ভেতর গুরুত্ব না পাওয়ার অভিযোগও এদিন উড়িয়ে দিয়েছেন এই অভিনেতা-সাংসদ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলবদলের বাজারে দেবের এই স্পষ্ট বার্তা আপাতত সমস্ত জল্পনার ইতি টানল। এখন দেখার, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই সাংসদের আগামী লড়াই কতটা সফল হয়।