‘অতিরিক্ত ত্রাণ ফেরত দিতে চাই’, শঙ্কর চট্টোপাধ্যায়কে ফোন করে কী বললেন চিরঞ্জিত?

রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের জনপ্রতিনিধিদের অফিস ও বাড়ি থেকে উদ্ধার হওয়া ত্রাণ সামগ্রী নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, ঠিক সেই সময়েই ব্যতিক্রমী নজির স্থাপন করলেন বারাসতের প্রাক্তন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। নিজের কাছে থাকা উদ্বৃত্ত ত্রাণ সামগ্রী সততার সঙ্গে প্রশাসনের হাতে ফিরিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন তিনি।
কী জানিয়েছেন চিরঞ্জিত?
সূত্র অনুযায়ী, গত কয়েকদিন আগে প্রাক্তন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বর্তমান বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়কে ফোন করেন। চিরঞ্জিত জানান, বিগত বছরগুলোতে ত্রাণ বিলি করার পর কিছু ত্রিপল ও অন্যান্য সামগ্রী তাঁর কাছে থেকে গিয়েছিল। বর্ষা কম হওয়ায় বা অন্য কোনো কারণে সেই সামগ্রীগুলোর প্রয়োজন পড়েনি। তাই সরকারি ওই সম্পত্তি এখন আর নিজের কাছে রাখা ঠিক হবে না বলে মনে করছেন তিনি। সততার খাতিরেই সেগুলি ফিরিয়ে দিতে চাইছেন তিনি।
শঙ্করের প্রতিক্রিয়া
প্রাক্তন বিধায়কের এমন প্রস্তাবে বর্তমান বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় তাঁকে পরামর্শ দিয়েছেন, “যেখান থেকে আপনি এই সামগ্রীগুলো সংগ্রহ করেছিলেন, সরাসরি প্রশাসনের সেই দফতরেই জমা দিয়ে দিন। আমি পরবর্তীতে সেখান থেকে সেই জিনিসগুলো তুলে নিয়ে আবার সাধারণ মানুষের প্রয়োজনে বিলি করে দেব।”
পরবর্তী পদক্ষেপ কী?
এই কথোপকথনের প্রেক্ষিতে চিরঞ্জিত চক্রবর্তী জানিয়েছেন, ত্রাণ বিলির পর উদ্বৃত্ত সামগ্রী থেকে যাওয়া তাঁর কাছে নতুন কিছু নয়। তবে এই বিষয়টি নিয়ে তিনি স্বচ্ছ থাকতে চান। চিরঞ্জিতের কথায়, “বর্তমান বিধায়ক যদি নিজে এগুলি সংগ্রহ করতে চান, তবে নিতে পারেন। অন্যথায়, আমি নিজেই জেলাশাসকের (DM) দফতরে গিয়ে সরকারি নিয়ম মেনে সমস্ত সামগ্রী জমা দিয়ে আসব।”
ত্রাণ সামগ্রী উদ্ধার নিয়ে যখন চারিদিকে শোরগোল, তখন প্রাক্তন বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সচেতন নাগরিকরা। এখন দেখার, চিরঞ্জিত চক্রবর্তী এই সামগ্রীগুলি সরাসরি জমা দেন, নাকি বর্তমান বিধায়কের মাধ্যমে সেগুলি পুনরায় বিলি করা হয়।