আহমেদাবাদের স্পোর্টস ক্লাবে বোমা হামলার হুমকি! লস্কর ও দাউদ ইব্রাহিমের নামে চিঠি ঘিরে শোরগোল

আহমেদাবাদের এসপি স্টেডিয়ামের অদূরে একটি নামী স্পোর্টস ক্লাবে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে একটি চিঠি উদ্ধার ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ওই চিঠিতে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম উল্লেখ রয়েছে। চিঠিতে স্পষ্টভাবে আগামী ২১ জুন ক্লাবটিতে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত যেভাবে
জানা গেছে, ক্লাবের ১১৯ নম্বর কক্ষটি একজন ডাক্তারের রেফারেন্সে ২৯ মে বুক করা হয়েছিল। সেখানে তিনজন তানজানিয়ান ব্যবসায়ী অবস্থান করছিলেন এবং ৩০ মে তাঁরা চেক-আউট করেন। পরবর্তীতে কক্ষটি পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা আলমারির ভেতর পেন্সিলে লেখা এই হুমকি-চিঠিটি খুঁজে পান। ঘটনাটি জানাজানি হতেই ক্লাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তৎপরতা নিরাপত্তা সংস্থার
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)। প্রায় দুই ঘণ্টা ধরে ক্লাবের প্রতিটি প্রান্তে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। তবে আপাতত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে পুলিশ, সন্দেহের তালিকায় বিদেশি নাগরিকরা
ডিসিপি হর্ষদ প্যাটেল জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তিনি বলেন, “চিঠিটি লিখে কে বা কারা সেখানে রেখেছিল, তা জানার চেষ্টা চলছে। ওই তিন তানজানিয়ান ব্যবসায়ী এখনও ভারতেই রয়েছেন। যে ডাক্তারের রেফারেন্সে তাঁদের রুম বুক করা হয়েছিল, তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।”

বিদেশি নাগরিকরা চেক-আউটের আগে চিঠিটি রেখেছিলেন নাকি পরে কোনো দুষ্কৃতিকারী ঘরে ঢুকে এটি রেখে যায়, তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং ওই ব্যবসায়ীদের গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে। বড় কোনো নাশকতার ছক না কি নিছক ভয় দেখানোর চেষ্টা—তদন্ত শেষে সব স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।