অতীতের সংঘাত ভুলে ক্ষমার বার্তা! মন্ত্রী হিসেবে শপথ নিয়ে বড় কথা বললেন অর্জুন সিং

সাংসদ থেকে বিধায়ক, এবার রাজ্যের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে জায়গা করে নিলেন পোড় খাওয়া রাজনীতিক অর্জুন সিং। সোমবার ১ জুন, লোকভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তৃণাঙ্কুর ভট্টাচার্যকে পরাজিত করে নোয়াপাড়া কেন্দ্র থেকে জয়লাভ করার পর, আজকের এই শপথগ্রহণ তাঁর রাজনৈতিক জীবনে এক নতুন অধ্যায়।

অতীত ভুলে ভবিষ্যতের দিকে:
দীর্ঘদিন ব্যারাকপুরের রাজনীতিতে তাঁর বিরুদ্ধে একাধিকবার প্রাণনাশের হুমকি, বোমাবাজির মতো অভিযোগ উঠেছে। কিন্তু সেই সমস্ত অতীতকে পেছনে ফেলে অর্জুন সিং আজ শপথের পর বললেন, “ওসব সময় শেষ। এখন আমাদের কাজ করতে হবে।” রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর কোনো রাগ বা ক্ষোভ নেই জানিয়ে তিনি সবাইকে ‘ক্ষমা’ করে দেওয়ার উদারতা দেখিয়েছেন।

দায়িত্ব ও প্রায়োরিটি:
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অর্জুন সিংয়ের স্পষ্ট বার্তা, “দল ও সরকার যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সাথে পালন করাই এখন একমাত্র লক্ষ্য।” তিনি আরও বলেন, বিজেপি সরকারের নির্বাচনী ইস্তাহারে (Manifesto) দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালন করা এবং সরকারের উন্নয়নমূলক কাজগুলি সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়াটাই তাঁদের মূল প্রায়োরিটি।

দপ্তর বন্টন নিয়ে কী বললেন?
এখনও পর্যন্ত মন্ত্রীদের দপ্তর বন্টন হয়নি। এই বিষয়ে প্রশ্ন করা হলে অত্যন্ত আত্মবিশ্বাসী অর্জুন সিং জানান, “কোন দপ্তর পাব তা জানি না, তবে যে দপ্তরই পাই সেখানেই কাজ করব। অভিজ্ঞতা আমার আছে, আমি কাজ করতে জানি।”

নতুন মন্ত্রিসভা নিয়ে ভাবনা:
নতুন মন্ত্রিসভা কতটা আলাদা হতে পারে? এই প্রশ্নে অর্জুন সিংয়ের পর্যবেক্ষণ, “মন্ত্রিসভা মন্ত্রীদের থেকে বেশি সিস্টেমের ওপর নির্ভর করে।” তিনি আরও যোগ করেন, এই মন্ত্রিসভায় অনেক নতুন মুখ রয়েছেন, যাঁরা দলের সাফল্যের পাশাপাশি রাজ্যের উন্নয়নে বড় চমক দেখাবেন।

দীর্ঘদিনের অভিজ্ঞতা আর নতুন সরকারের উদ্যম—এই দুইয়ের মেলবন্ধনে অর্জুন সিং আগামী দিনে কোন দপ্তরের দায়িত্ব সামলান, সেটাই এখন দেখার বিষয়।