অন্ধ্রপ্রদেশে ভয়াবহ ট্র্যাজেডি! শিশুকে বাঁচাতে গিয়ে তুঙ্গভদ্রা নদীতে তলিয়ে মৃত্যু ৫ জনের

অন্ধ্রপ্রদেশের মন্ত্রালয়ম গ্রামে তুঙ্গভদ্রা নদীতে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের শিশু-সহ মোট ৫ জনের। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় হায়দরাবাদ থেকে আসা একটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃতদের মধ্যে রয়েছেন ভদলা সতীশ (৩৫) এবং তাঁর ৫ বছরের শিশুপুত্র যুবান চন্দ্র।
ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, হায়দরাবাদের বাসিন্দা সতীশ তাঁর পরিবারের সাথে মন্ত্রালয়মে এক আত্মীয়ের বাড়িতে সত্যনারায়ণ পুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। পুজো শেষে পরিবারের সদস্যরা তুঙ্গভদ্রা নদীর ধারে বেড়াতে যান। সেখানেই নদীর ধারে খেলছিল শিশু যুবান চন্দ্র। আচমকাই পা পিছলে সে নদীর গভীর জলে পড়ে যায়। শিশুকে তলিয়ে যেতে দেখে তাঁকে বাঁচাতে পরিবারের বাকিরা একে একে নদীতে ঝাঁপ দেন। কিন্তু জলের তীব্র স্রোত ও গভীরতায় তারা কেউই নিজেকে রক্ষা করতে পারেননি।
উদ্ধার অভিযান নদীর তীব্র স্রোতে সতীশ, যুবান ছাড়াও রাঘবেন্দ্র (২৮), ভদলা ধানু (২২) এবং সন্ধ্যা (২২) তলিয়ে যান। দলের সঙ্গে থাকা অন্নপূর্ণা নামের এক মহিলা কোনোভাবে সাঁতরে পাড়ে উঠে আসতে সক্ষম হন। তিনিই স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনার কথা জানান। খবর পাওয়া মাত্রই পুলিশ, দমকলবাহিনী ও মৎস্যজীবীরা তল্লাশি অভিযান শুরু করেন। শনিবার গভীর রাতে এই পাঁচজনের দেহ উদ্ধার করা হয়।
শোকের পরিবেশ এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নিম্মালা রামানাইডু এবং শিল্পমন্ত্রী টিজি ভারত। প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই কর্ণাটকের ভেঙ্কটপুরা নদীতে একই পরিবারের ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। পরপর এই ধরনের দুর্ঘটনা নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।