SPORTS: বিশ্বকাপ ফাইনালে খেলবেন তো মেসি? শুরু হয়েছে মেসিকে ঘিরে ফিসফাস

শিরোপা লড়াইয়ে নামার আগে চড়ছে কথার পারদ, লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে থাকছেন তো লিওনেল মেসি? সেমিফাইনালে খনিকের জন্য আর্জেন্টাইন মহাতারকার ঊরুর পেশিতে অস্বস্তি ধরা পড়েছিল ক্যামেরায়। ক্রোয়েটদের হারিয়ে ফাইনালে আসার পর মেসির সেই অস্বস্তি ঘিরে ফিটনেস নিয়েই উঠে গেছে প্রশ্ন। আলোচনায় ডালপালা ছড়িয়েছে মেসির অনুশীলনে না থাকার বিষয়টিও।
ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারানোর রাতে হালকা চোটে পড়েছেন মেসি, খবর এমনই। ফাইনালে তার থাকা-না থাকা নিয়েও যা ছড়াচ্ছে কথা। অবশ্য রোববার শিরোপার মঞ্চে থাকবেন বলে নিজেই জানিয়ে রেখেছেন মেসি। চোট শঙ্কা উড়িয়ে দিয়েছেন তার সতীর্থ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। বৃহস্পতিবার মেসি অনুশীলনে না থাকায় তবুও কথা বাড়ছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, কোচ লিওনেল স্কালোনি দুটি ভাগে স্কোয়াডের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন সেরেছেন। দরজাবন্ধ কন্ডিশনিং ক্যাম্পও করিয়েছেন। দিবালা, ডি মারিয়ারা মাঠে নিজেদের ঝালিয়ে নিলেও ক্রোয়েটদের বিপক্ষে শুরুর একাদশের কেউই ছিলেন না। নিকোলাস ওটামেন্ডি বসে গল্প করছিলেন সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরোর সঙ্গে।
ইএসপিএন আর্জেন্টিনার খবর, অনুশীলন ক্যাম্পে না থাকলেও জিমে সময় কাটিয়েছেন মেসি। ফাইনালের জন্যও প্রস্তুত আছেন এমএল টেন। ২০১৪ সালের পর কাতার বিশ্বকাপেও ফাইনাল নিশ্চিতের পর আর্জেন্টিনা অধিনায়ক চোটের ব্যাপারে বলেছিলেন, ‘আমি সত্যিই ভালো আছি। ঠিক আছি এবং ফাইনাল খেলতে প্রস্তুত আছি।’
চোটের কারণে মেসির খেলা-না খেলার শঙ্কা উড়িয়ে দিয়েছেন মার্টিনেজও, ‘তিনি চোটাক্রান্ত নন। আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে ১২০ মিনিট মাঠে ছিলাম, সেটি তার জন্য কঠিন ছিল। তবে তিনি প্রতিটি ম্যাচ শেষ করেই আসতে চান। শারীরিকভাবে মেসি ফিট আছেন।’
মাসব্যাপী লড়াইয়ের শেষ মঞ্চ প্রস্তুত হয়েছে লুসেইলে। কাতারের বড় স্টেডিয়ামটিতে রোববার রাত নয়টায় ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার স্বপ্নদ্রষ্টা মেসির হাতে উঠবে শিরোপা নাকি ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের কীর্তি গড়বেন কাইলিয়ান এমবাপে, উত্তর সময়ের হাতে।