উত্তরবঙ্গে ফের দুর্যোগের কালো মেঘ! ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, জারি রেড অ্যালার্ট

দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়া আবারও উত্তাল হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস:
হওয়া অফিস জানিয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে দুর্যোগের দাপট বেশি থাকবে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা জনজীবন ও যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।

দিনের ভিত্তিতে সতর্কতা:

২৬ মে (আজ): জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

২৭ মে: বৃষ্টির পরিধি বেড়ে জলপাইগুড়ি ছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে।

২৮ মে: মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং ও জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে। অন্য জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

২৯ মে-র পর: মাসের শেষদিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

ক্ষতির আশঙ্কা ও সতর্কতা:
আবহাওয়া দপ্তরের মতে, এই দুর্যোগে চাষের জমি ও চা বাগানের ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গিয়ে যান চলাচলে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া নিচু এলাকায় জল জমার আশঙ্কাও রয়েছে।

বিশেষ পরামর্শ:
১. বজ্রপাতের সময় গাছ বা বিদ্যুৎ পরিবাহী খুঁটির নিচে আশ্রয় নেবেন না।
২. পাহাড় ও ডুয়ার্সের ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন।
৩. দুর্যোগপূর্ণ সময়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নজরে রাখার জন্য আপদকালীন পরিষেবাকে প্রস্তুত রাখা হয়েছে।