বলিউডে রণবীর সিংকে বয়কটের ডাক! ‘ডন ৩’ বিতর্ক কি ক্যারিয়ারের বড় ধাক্কা?

বলিউড কাঁপানো এক বড় সংবাদের শিরোনামে এখন রণবীর সিং। ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’ থেকে হুট করে সরে দাঁড়ানোর জেরে অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে চূড়ান্ত কড়া পদক্ষেপ নিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। সোমবার আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা ইন্ডাস্ট্রিকে রণবীরের সঙ্গে কাজ না করার নির্দেশ দিয়েছে এই চলচ্চিত্র সংগঠন।

কেন এই বয়কটের ডাক? ফেডারেশনের অভিযোগ, রণবীর সিংয়ের এই আকস্মিক প্রস্থানের ফলে প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। শ্যুটিং শুরুর ঠিক ১০ দিন আগে একজন প্রথম সারির অভিনেতার এহেন আচরণকে ‘অসহযোগিতা’ এবং ইন্ডাস্ট্রির নিয়মের পরিপন্থী বলে মনে করছে ফেডারেশন।

কী বলছেন ফেডারেশনের কর্তারা? FWICE-এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট জানান, “ইন্ডাস্ট্রিকে আমরা এভাবে ধ্বংস হতে দিতে পারি না। শ্যুটিংয়ের ঠিক আগে কোনো প্রজেক্ট থেকে এভাবে সরে আসা একেবারেই ভুল প্রবণতা। আমরা যা করছি তা ইন্ডাস্ট্রির স্বার্থেই করছি।” ফেডারেশনের সভাপতি বি এন তিওয়ারি এবং সাধারণ সম্পাদক অশোক দুবের উপস্থিতিতে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্ষতির মুখে প্রযোজনা সংস্থা জানা গিয়েছে, বিষয়টির সমাধান করতে ‘প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’-তে মধ্যস্থতার চেষ্টা করা হয়েছিল। প্রি-প্রোডাকশন এবং ছবির পরিকল্পনায় যে বিপুল টাকা খরচ হয়েছে, তার ক্ষতিপূরণ নিয়েও দু’পক্ষের মধ্যে টানাপোড়েন চলে। তবে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

ফারহানের আক্ষেপ সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে ফারহান আখতার আক্ষেপের সুরেই বলেন, “অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। যতক্ষণ না শ্যুটিং সম্পন্ন হচ্ছে, কিছুই নিশ্চিত বলা যায় না।”

উল্লেখ্য, পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ শেষবার দেখা গিয়েছিল রণবীরকে। কিন্তু ফেডারেশনের এই কড়া নিষেধাজ্ঞার ফলে বলিউডে রণবীরের আগামী প্রজেক্টগুলো কি অনিশ্চয়তার মুখে পড়ল? এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সিনেপ্রেমীদের কাছে।