“আজ আমি আর মমতা দু’জনেই সর্বহারা”-জেনেনিন কেন এমনটা বললেন BJP বিধায়ক রত্না?

নবান্নের ১৪ তলায় এক নজিরবিহীন রাজনৈতিক আবহ। সোমবার সেখানে হাজির হলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তবে বিধায়ক পরিচয়ের পাশাপাশি তাঁর আরও বড় পরিচয়, তিনি আরজি করের সেই দুর্ভাগ্যজনক ঘটনায় নিহত তরুণী চিকিৎসকের মা। নবান্নে গিয়ে তিনি বৈঠক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। আর সেই বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লিখলেন এক বিস্ফোরক বার্তা।

‘আমরা দুজনেই সর্বহারা’ বৈঠক শেষে রত্না দেবী লিখেছেন, “আজ আমি এবং মমতা—দুজনেই সর্বহারা। আমি আমার একমাত্র সন্তানকে হারিয়েছি, আর উনি হারিয়েছেন নবান্নের ১৪ তলার গদি।” তিনি আরও বলেন, “মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় আমি ব্রতী হয়েছি। সততার শক্তি অনেক, শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়।” মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অপেক্ষা করুন। আপনি এবং আপনার অপরাধী টিম—সবারই আরও করুণ পরিণতি দেখতে পাবেন।” সবশেষে নিজেকে ‘ডা. দেবনাথের গর্বিত মা’ হিসেবে উল্লেখ করেন তিনি।

আরজি কর মামলায় নতুন মোড় অন্যদিকে, আরজি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নতুন গতি এসেছে। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ এই মামলায় একটি নতুন সিট (SIT) গঠনের নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, ঘটনাপ্রবাহ ও সময়ক্রম নিখুঁতভাবে যাচাই করতে হবে। প্রয়োজনে সন্দেহভাজনদের পুনরায় জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, “নির্যাতিতার মাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিটি পারিপার্শ্বিক দিক খতিয়ে দেখা হবে। কোনো মন্ত্রী বা উঁচুতলার নির্দেশে এই কাজ হয়েছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হবে।”

রাজনৈতিক মহলের মতে, একদিকে আইনি লড়াই এবং অন্যদিকে নবান্নের অলিন্দে বিরোধী বিধায়কের এই উপস্থিতি রাজ্যের বর্তমান রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে।