‘ছাদ ভেঙে গ্যাসকাটার’! বেআইনি আবাসন ভাঙার কাজে সরাসরি মাঠে অগ্নিমিত্রা পাল

রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে অবৈধ নির্মাণ ভাঙতে পুরোদমে অভিযানে নামল কলকাতা পুরসভা। শহরজুড়ে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে একের পর এক অবৈধ বহুতলের ওপর চলছে বুলডোজার।

জানা গেছে, এদিন তিলজলায় জাভেদ খানের ছেলে ফাইয়াজ খানের একটি বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করে পুরসভার কর্মীরা। অন্যদিকে, বালিগঞ্জের সোনা পাপ্পুর তৈরি একটি বেআইনি বহুতলও এদিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এই উচ্ছেদ অভিযানের পরিস্থিতি খতিয়ে দেখতে কসবার বোসপুকুরে উপস্থিত হন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনাস্থলে পৌঁছে তিনি পুরসভার আধিকারিকদের কাছ থেকে কাজের অগ্রগতির বিষয়ে বিস্তারিত খোঁজ নেন। আধিকারিকরা মন্ত্রীকে জানান, সম্পূর্ণ পরিকাঠামো ধ্বংস করার আগে প্রথমে ভবনের ছাদ ভেঙে ফেলা হচ্ছে। এরপর গ্যাসকাটার ব্যবহার করে মজবুত রডগুলো কেটে ফেলা হচ্ছে, যাতে কাঠামোটি দ্রুত ধসে পড়ে।

শহরে ধারাবাহিক এই উচ্ছেদ অভিযান নিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গেছে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে সাধারণ মানুষ ইতিবাচকভাবেই দেখছেন বলে খবর।