‘রগড়ানি’ মন্তব্যে গড়িয়াহাট থানায় হাজিরা স্বস্তিকার, জিজ্ঞাসাবাদের মুখে অভিনেত্রী!

ভোট-পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে টলিপাড়ার দুই জনপ্রিয় তারকা স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে এই মামলার তদন্তে গড়িয়াহাট থানায় হাজিরা দেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তবে থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
কী অভিযোগ? গত ২১ মে আইনজীবী জয়দীপ সেন গড়িয়াহাট থানায় দুই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পরমব্রত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট করেছিলেন, যাতে সমর্থন জানিয়েছিলেন স্বস্তিকা। অভিযোগকারীর দাবি, তাঁদের সেই পোস্ট ও মন্তব্যের জেরেই রাজ্যে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং অনেকে প্রাণ হারিয়েছিলেন। ৪ মে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় পুরনো ওই পোস্টগুলি নতুন করে ভাইরাল হতে শুরু করে, যার প্রেক্ষিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশি তৎপরতা: গড়িয়াহাট থানার এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, ঘটনার সত্যতা যাচাই করতে ডিজিটাল প্রমাণগুলি পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, “নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনায় রাজ্যের বিভিন্ন থানায় নতুন ও পুরনো বেশ কিছু মামলা পুনরায় খোলা হয়েছে। পরমব্রত ও স্বস্তিকার মন্তব্যগুলি হিংসায় কতটা ইন্ধন জুগিয়েছিল, তা তদন্তসাপেক্ষ।”
সূত্রের খবর, খুব শীঘ্রই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কেও তলব করা হতে পারে। টলিপাড়ার এই দুই তারকা একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এবং তাঁদের গভীর বন্ধুত্ব সর্বজনবিদিত। এখন আইনি এই জটিলতায় তাঁদের ভূমিকা নিয়ে তদন্তকারীরা কী রিপোর্ট দেন, সেটাই দেখার বিষয়।