রাজ্যে শুরু সার্ভাইকাল ক্যানসারের টিকা! ৩০ মে থেকে মিলবে বড় সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটছে বর্তমান সরকার। শনিবার নবান্নে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা ঘোষণা করলেন। সার্ভাইকাল ক্যানসারের টিকা থেকে শুরু করে আয়ুষ্মান ভারতের সুবিধা—রাজ্যের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বড়সড় পদক্ষেপ নিলেন তিনি।

৩০ মে থেকে শুরু সার্ভাইকাল ক্যানসারের টিকা:
আগামী ৩০ মে বিধাননগর সাব-ডিভিশনাল হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে সার্ভাইকাল ক্যানসারের টিকা প্রদান কর্মসূচি শুরু হতে চলেছে। খোদ মুখ্যমন্ত্রী এই কর্মসূচির সূচনা করবেন। এদিন তিনি জানান, প্রধানমন্ত্রী ঘোষিত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

আয়ুষ্মান ভারতের আওতায় ৬ কোটি মানুষ:
স্বাস্থ্যসাথী কার্ডধারী প্রায় ৬ কোটিরও বেশি মানুষ খুব দ্রুত আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী জানান, শুধু রাজ্যের বাসিন্দারাই নন, কর্মসূত্রে যারা ভিনরাজ্যে রয়েছেন, তারাও এই প্রকল্পের আওতায় আসবেন। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রক্রিয়ার গতি আরও বাড়ানো হবে।

স্বাস্থ্য খাতে ‘যুগান্তকারী’ পরিবর্তনের ডাক:
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আজকের এই উচ্চপর্যায়ের বৈঠককে ‘গঠনমূলক’ বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিগত সরকারের আমলে স্বাস্থ্য ক্ষেত্র অবহেলিত ছিল দাবি করে তিনি বলেন, “ম্যাটারনাল হেলথ, চাইল্ড হেলথ, টিবি মুক্ত ভারত এবং ম্যালেরিয়া নির্মূল—এই কর্মসূচিগুলোকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার কাজ শুরু হয়েছে।”

ডেঙ্গি ও বর্ষা প্রস্তুতি নিয়ে নবান্নে কড়া বৈঠক:
অন্যদিকে, স্বাস্থ্য খাতের বৈঠকের পাশাপাশি রাজ্যজুড়ে ডেঙ্গি নিয়ন্ত্রণ এবং প্রাক-বর্ষা প্রস্তুতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। বিভিন্ন পুরসভার বিরুদ্ধে কাজের গাফিলতির অভিযোগ আসায় ক্ষোভ প্রকাশ করেছে নবান্ন। প্রাক-বর্ষার প্রস্তুতি যাতে কোনোভাবেই থমকে না থাকে, তা নিশ্চিত করতে এদিন জেলাশাসকদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব।

রাজ্য সরকারের এই স্বাস্থ্য কর্মসূচি এবং প্রশাসনিক তৎপরতা আসন্ন বর্ষায় কতটা সুফল বয়ে আনে, এখন সেটাই দেখার অপেক্ষায় সাধারণ মানুষ।