আজ দেশজুড়ে ১৯তম ‘রোজগার মেলা’, ৫১,০০০ যুবকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ভারত সরকারের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে আজ সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১৯তম ‘রোজগার মেলা’র সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দেশব্যাপী নিয়োগ অভিযানের মাধ্যমে দেশের ৪৭টি স্থানে ৫১,০০০-এরও বেশি নবনিযুক্ত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি নবনিযুক্তদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
কোথায় নিয়োগ হচ্ছে?
নির্বাচিত প্রার্থীরা রেল, ডাক বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে যোগ দিচ্ছেন। উল্লেখ্য, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো সরকারি চাকরির সুযোগ বৃদ্ধি করা। এই রোজগার মেলার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১২ লক্ষ প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে।
শিয়ালদহে বিশেষ আয়োজন:
কলকাতায় এই রোজগার মেলার মূল কেন্দ্রবিন্দু শিয়ালদহের ডঃ বিসি রায় অডিটোরিয়াম। পূর্ব রেলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ অতিথি হিসেবে থাকছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর, শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনাসহ ভারত সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ভারতীয় রেলের ভূমিকা:
সারা দেশে এই বিশাল নিয়োগ অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছে রেল মন্ত্রণালয়। রেলওয়ে কর্তৃপক্ষের মতে, যুবসমাজের আকাঙ্ক্ষাকে টেকসই ভবিষ্যৎ ও দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যে ভারত সরকার এই উদ্যোগ নিয়েছে। এটি ভারতীয় রেলের যুব-উন্নয়ন প্রতিশ্রুতিরই একটি অংশ।