রোজগার মেলায় বড় বার্তা সুকান্ত মজুমদারের! শুভেন্দুকে ‘তরুণ মুখ্যমন্ত্রী’ সম্বোধন করে কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

পূর্ব রেলের আয়োজনে কলকাতার ডঃ বিসি রায় অডিটোরিয়ামে আয়োজিত হলো ১৯তম জাতীয় ‘রোজগার মেলা’। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশজুড়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মেলায় সারা দেশে ৫১,০০০-এরও বেশি নতুন প্রার্থীকে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়।

কলকাতার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও উত্তর-পূর্ব অঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তের মুখে শুভেন্দুর প্রশংসা
এদিনের মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি শুভেন্দুকে ‘পশ্চিমবঙ্গের নতুন রূপকার’ ও ‘তরুণ নেতা’ হিসেবে অভিহিত করেন। সুকান্ত মজুমদার দৃঢ়তার সঙ্গে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ১৯তম রোজগার মেলায় যে বিপুল কর্মসংস্থান হচ্ছে, তা অভূতপূর্ব। নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ নেই।”

তিনি আরও যোগ করেন, “আমাদের রাজ্যেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে যে নিয়োগ প্রক্রিয়া হবে, তা সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে। আমরা কথা দিচ্ছি, জমি জটের কারণে রাজ্যের কোনো উন্নয়ন প্রকল্প আর আটকে থাকবে না। অতীতে ৬১টি প্রকল্প জমির জন্য থমকে ছিল, সেই সব জট কাটিয়ে এবার কাজ শুরু হবে।”

নিয়োগ অভিযানের প্রেক্ষাপট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে শুরু হওয়া এই রোজগার মেলা দেশের ৪৭টি স্থানে একযোগে পালিত হচ্ছে। রেল, ডাক, স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং অর্থ-সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি মন্ত্রক ও বিভাগে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, দেশের যুবসমাজকে জাতি গঠনের মূল স্রোতে যুক্ত করাই এই মহৎ উদ্যোগের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য যে, দেশজুড়ে আয়োজিত পূর্ববর্তী ১৮টি রোজগার মেলার মাধ্যমে ইতিমধ্যে প্রায় ১২ লক্ষ প্রার্থী সরকারি চাকরির নিয়োগপত্র পেয়েছেন। প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগটি সরকারি কর্মসংস্থানে স্বচ্ছতা ও গতিশীলতা আনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।