পুরসভায় নজিরবিহীন সংঘাত! মেয়রকে এড়িয়ে সরাসরি কমিশনারের দ্বারস্থ বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খান

কলকাতা পুরসভার অন্দরে একদিকে যখন প্রশাসনিক ডামাডোল চলছে, ঠিক সেই সময়েই বেহালা পশ্চিমের বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খানের একটি পদক্ষেপ নতুন করে রাজনৈতিক চর্চা উসকে দিল। এলাকার উন্নয়নের দাবিতে মেয়রকে সম্পূর্ণ এড়িয়ে সরাসরি পুর কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে বৈঠক করলেন বিধায়ক।
কেন এই বৈঠক? শুক্রবার পুরসভার সেমিনার হলে আয়োজিত এই বিশেষ বৈঠকে কলকাতা পুরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেআইপি (KEIIP) প্রকল্পের আধিকারিকরাও। বৈঠকের পর ইন্দ্রনীল খান ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘‘বেহালা পশ্চিম এলাকায় এতদিন ধরে কেবল পুকুর ভরাট হয়েছে। জল নিকাশি বা কোনো উন্নয়নই হয়নি। বর্ষার আগে জলমগ্ন হওয়ার সমস্যা থেকে রেহাই পেতে কী ধরনের স্থায়ী ও সাময়িক পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে কমিশনারের সঙ্গে আলোচনা করেছি।’’
মেয়র ফিরহাদ হাকিম এবং বর্তমান বোর্ডকে কটাক্ষ করে বিধায়ক সাফ জানান, যারা এতদিন কোনো কাজ করেনি, তাদের সঙ্গে আলোচনার কোনো অর্থই হয় না।
পুরসভায় প্রশাসনিক টালমাটাল: পুরসভার অন্দরে এই বৈঠকের গুরুত্ব অনেক বেশি, কারণ এই মুহূর্তে কলকাতা পুরসভার অন্দরে মেয়র ফিরহাদ হাকিম ও কমিশনার স্মিতা পাণ্ডের মধ্যে ‘ঠান্ডা লড়াই’ নিয়ে জোর জল্পনা চলছে। বৃহস্পতিবারে কলকাতা পুরসভার ৫৪তম অধিবেশন আকস্মিকভাবে স্থগিত হয়ে যায়। একই দিনে পুরসভার সচিব স্বপনকুমার কুণ্ডুকে সরিয়ে দেওয়া হয় এবং তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় কিশোরকুমার বিশ্বাসকে।
রাজনৈতিক মহলের মতে, একদিকে মমতার ডাকা বৈঠকে তৃণমূলের ৪০ জন কাউন্সিলরের অনুপস্থিতি এবং অন্যদিকে পুরসভার সচিব বদল—সব মিলিয়ে কলকাতা পুরসভার প্রশাসনিক পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত স্পর্শকাতর। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই বিরোধী বিধায়কের কমিশনারের সাথে এই বৈঠক নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা।