মহারাষ্ট্রে বাঘের ভয়ংকর হামলা!তেন্দু পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল ৪ মহিলার, এলাকায় তীব্র আতঙ্ক

মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় এক ভয়াবহ বাঘের হানায় কেঁপে উঠল এলাকা। শুক্রবার সকালে সিন্ধেওয়াহি তহসিলের গুঞ্জেওয়াহি গ্রামের কাছে জঙ্গলে তেন্দু পাতা সংগ্রহ করতে যাওয়া চারজন মহিলাকে অতর্কিতে আক্রমণ করে এক হিংস্র বাঘ। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। জানা গিয়েছে, বাঘটি মোট ১৩ জনের একটি মহিলা দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
কী ঘটেছিল শুক্রবার সকালে?
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে গুঞ্জেওয়াহি গ্রামের মহিলারা প্রথা অনুযায়ী জঙ্গলে তেন্দু পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন। কিন্তু আগে থেকে ওত পেতে থাকা একটি বাঘ হঠাৎই তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের আক্রমণে নিহত চার মহিলার পরিচয় পাওয়া গিয়েছে। তাঁরা হলেন— কভদাবাই দাদাজি মোহুরলে (৪৫), অনিতাবাই দাদাজি মোহুরলে (৪০), সুনিতা কৌশিক মোহুরলে (৩৮) এবং সঙ্গীতা সন্তোষ চৌধুরী (৫০)।
বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
এই মর্মান্তিক ঘটনার পরেই স্থানীয় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় বাঘের উপদ্রব বাড়লেও বন দপ্তর প্রয়োজনীয় নিরাপত্তা বা সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি। তাঁদের দাবি, বন দপ্তরের গাফিলতির কারণেই এমন অকাল মৃত্যুর ঘটনা ঘটল।
তৎপর প্রশাসন, জারি সতর্কতা
ঘটনার খবর পাওয়ার পরেই বন বিভাগ এবং পুলিশের একটি বিশাল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং বাঘটিকে ধরার জন্য জোর তল্লাশি অভিযান শুরু হয়েছে। বাঘের গতিবিধির ওপর নজর রাখতে বিশেষ দল মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের আগামী কয়েকদিন জঙ্গলের দিকে না যাওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
চন্দ্রপুরে বাড়ছে বাঘের আতঙ্ক
উল্লেখ্য, চন্দ্রপুর জেলায় সাম্প্রতিককালে বাঘের আক্রমণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। আজকের এই ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ বলে মনে করছেন স্থানীয়রা। বারবার এমন প্রাণহানির ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে বন সুরক্ষানীতি এবং তাঁদের নিজেদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে এসেছে।