BigNews: ৬ মাসে ৬৮ বার, ‘দুর্ঘটনা’-র কবলে ‘বন্দে ভারত ট্রেন’, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

ভারতীয় রেলের ‘চোখের মনি’ হিসেবে আখ্যা পাওয়া অত্যাধুনিক সুবিধাযুক্ত ‘বন্দে ভারত ট্রেন’ ৬ মাসে ৬৮ বার পশুর ধাক্কায় হয়েছে ক্ষতিগ্রস্ত। ভেঙে গিয়েছে ট্রেনের ‘নাক’।

সংসদে করা প্রশ্নের ভিত্তিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এই তথ্য। তবে কয়েকবার এই খবর প্রকাশ পেলেও বেশিরভাগই এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসেনি। আপাতত ভারতীয় রেলের ৬ টি রুটে চলছে এই দ্রুতগতির ট্রেন।

দেশের বিভিন্ন রুটে ৭৫টি বন্দে ভারত ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে মোদী সরকার। প্রায় সাড়ে তিন বছর আগে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসী ও দিল্লির মধ্যে প্রথম যাত্রা শুরু করা এই ট্রেনের গতিসীমা এখন ঘণ্টায় ১৩০ কিলোমিটারে বেঁধে দিলেও, ট্র্যাক পরিকাঠামো ঠিক থাকলে তা প্রয়োজনে ১৬০-১৮০ কিলোমিটার পর্যন্ত গতিতে দৌড়নোর ক্ষমতা রাখে।

বিধানসভা ভোটের কথা মাথায় রেখে সম্প্রতি গুজরাতের আমদাবাদ থেকে মুম্বই সেন্ট্রাল ও হিমাচলের অম্ব অন্দৌরা থেকে দিল্লি— দুই রুটে বন্দে ভারত ট্রেন উপহার দেন মোদী। আগামী বছর কর্নাটকে ভোট। তাই এখন থেকেই ওই রাজ্যের ভোটারদের বার্তা দিতে চলতি মাসে মাইসুরু থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *