ভোটের ইভিএমে আঠা লাগানোর দিন শেষ! ফলতার মেগা পুনর্নির্বাচনের আগে জাহাঙ্গিরকে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের মেগা পুনর্নির্বাচনকে কেন্দ্র করে চড়চড় করে বাড়ছে রাজনৈতিক পারদ। ভোটের ঠিক আগে ফলতার দলীয় কর্মী সম্মেলন থেকে স্থানীয় তৃণমূল নেতা তথা বাহুবলী জাহাঙ্গির খানকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা’র ডায়লগ টেনে জাহাঙ্গিরকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই ধরণের সমাজবিরোধীদের কীভাবে সোজা করতে হয়, তা তাঁর জানা আছে।
সম্প্রতি বিধানসভা নির্বাচনের সময় ফলতা কেন্দ্রের বেশ কয়েকটি বুথে ইভিএম (EVM)-এর বোতামে আঠা লাগিয়ে রাখার মারাত্মক অভিযোগ উঠেছিল। বিজেপির প্রতীকের পাশের বোতামটি যাতে কেউ টিপতে না পারেন, তার জন্যই এই কারসাজি করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে নির্বাচন কমিশন আগামী ২১ মে ফলতার নির্দিষ্ট বুথগুলিতে পুনর্নির্বাচনের (Repoll) নির্দেশ দিয়েছে। আগামী ২৪ মে এই কেন্দ্রের ভোটগণনা সম্পন্ন হবে।
এই পুনর্নির্বাচনের প্রচারেই ফলতায় এসে হুঙ্কার ছাড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসলে ভোটের আগে এলাকার তৃণমূল প্রার্থী তথা প্রভাবশালী নেতা জাহাঙ্গির খান নিজেকে সিনেমার ডন ‘পুষ্পা’ চরিত্রের সঙ্গে তুলনা করেছিলেন। সেই প্রসঙ্গ টেনেই শুভেন্দু অধিকারী বলেন, “জাহাঙ্গির খান একজন চিহ্নিত অপরাধী। ও নিজেকে তথাকথিত ‘পুষ্পা’ বলে বেড়ায়। এই পুষ্পার সমস্ত দায়িত্ব এবার আমি নিজে হাতে নিলাম। ওর ফাইল আমি নিজেই হ্যান্ডেল করব।”
নির্বাচনী সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, এই এলাকায় ভাইপোর রাজনৈতিক উত্থানের পর থেকে বিগত ১০ বছর ধরে সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পারেননি। তবে এবার পরিস্থিতি বদলেছে। কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র নজরদারিতে ফলতার মানুষ বুক ফুলিয়ে ভোট দেবেন এবং বিজেপি প্রার্থীকে ১ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী করবেন বলে আশাপ্রকাশ করেন তিনি। মেগা পুনর্নির্বাচনের ঠিক আগে শুভেন্দুর এই ‘পুষ্পা’ কড়া দাওয়াই যে ফলতার রাজনৈতিক লড়াইকে আরও উত্তপ্ত করে তুলল, তা বলাই বাহুল্য।