“জরিমানা দিলেও ছাড় নেই!”-পুর কমিশনারের ১ নির্দেশেই কাঁপছেন প্রোমোটাররা

কলকাতায় একের পর এক গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বাড়বাড়ন্তে এবার চূড়ান্ত কোপ বসাতে চলেছে কলকাতা পুরসভা (KMC)। এতদিন মোটা অঙ্কের জরিমানা বা ‘ফি’ দিয়ে বেআইনি নির্মাণকে আইনি বা রেগুলারাইজেশন করার যে প্রবণতা ছিল, তাতে পুরোপুরি রাশ টানতে চলেছে প্রশাসন। শহরের বেআইনি আবাসন ও বহুতল রুখতে এবার রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামছেন খোদ পুর কমিশনার স্মিতা পান্ডে।
পুর কমিশনারের কড়া নির্দেশ: প্রতি সপ্তাহে বসবে রিভিউ বৈঠক
পুরসভা সূত্রে খবর, শহরের কোথায় কত অবৈধ নির্মাণ রয়েছে, তার একটি পুঙ্খানুপুঙ্খ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন পুর কমিশনার। শুধু তালিকাই নয়, এই বিষয়ে কড়া নজরদারি চালাতে প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে উচ্চপর্যায়ের ‘রিভিউ বৈঠক’ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সাপ্তাহিক বৈঠকে কোন কোন অবৈধ নির্মাণের বিরুদ্ধে আদালতে মামলা চলছে, কোনগুলোর ক্ষেত্রে আইনি নির্দেশ কী এসেছে এবং তা কতটা কার্যকর করা গেল— তার সবটাই খতিয়ে দেখবেন পুর আধিকারিকরা।
তিলজলার আগুনই কি চোখ খুলল পুরসভার?
সম্প্রতি তিলজলার জি জে খান রোডের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই কলকাতার বেআইনি নির্মাণ নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধে। জানা গেছে, আদালতের নির্দেশ মেনে ওই ক্ষতিগ্রস্ত অবৈধ বহুতলটি ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, তার ঠিক পাশে থাকা আরও একটি বেআইনি বহুতলও ভেঙে ফেলার নির্দেশ জারি করেছে পুরসভা।
শহরের কোণায় কোণায় চলছে হাতুড়ি!
পুরসভার এই নয়া অভিযানের কোপ থেকে বাদ যাচ্ছে না কোনও কিছুই। জানা গেছে, শহরের ১১১ নম্বর ওয়ার্ডের মিতালি সংঘের মাঠে তৈরি হওয়া একটি আস্ত ‘ক্লক টাওয়ার’সহ একাধিক অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। একই রকম সাঁড়াশি অভিযান শুরু হয়েছে নারকেলডাঙা এলাকাতেও।
পুরসভার স্পষ্ট বার্তা, এতদিন নিয়মের ফাঁক গলে বা মোটা টাকা জরিমানা দিয়ে পার পেয়ে যাওয়ার যে চেনা ছবি কলকাতায় দেখা যেত, তা এবার অতীত হতে চলেছে। আদালতের নির্দেশ মেনে এবং পুর কমিশনারের কড়া নজরদারিতে এবার তিলোত্তমার বুকে বেআইনি নির্মাণের দাপট ঠেকাতে প্রশাসন যে কোনও আপস করবে না, তা স্পষ্ট।