শিয়ালদহ শাখার যাত্রীদের কপাল খুলল! কাল থেকেই চলছে একগুচ্ছ নতুন ট্রেন, বদলে গেল সময়সূচী

রেল যাত্রীদের জন্য এল বিরাট খুশির খবর। বিশেষ করে শিয়ালদহ ডিভিশনের উত্তর শাখা এবং লালগোলা লাইনের যাত্রীদের ভোগান্তি কমাতে বড়সড় পদক্ষেপ করল পূর্ব রেল। আগামী ১৩ এবং ১৪ মে থেকে একগুচ্ছ নতুন পরিষেবা চালু হতে চলেছে, যা একদিকে যেমন সময় বাঁচাবে, তেমনই রেল সফরকে করবে আরও আরামদায়ক।

আমঘাটা-কৃষ্ণনগর লাইনে নতুন ট্রেনের মেলা
সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১৩ মে থেকে আমঘাটা ও কৃষ্ণনগর লাইনে অতিরিক্ত দুটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখে নিন এই ট্রেনগুলির সময়সূচী:

৩১৮৮৭ (কৃষ্ণনগর-আমঘাটা): কৃষ্ণনগর থেকে ভোর ৫টা ২০ মিনিটে ছাড়বে।

৩১৮৮৮ (আমঘাটা-কৃষ্ণনগর): আমঘাটা থেকে ফিরতি পথে ছাড়বে ভোর ৫টা ৪৩ মিনিটে।

৩১৮৮৯ (কৃষ্ণনগর-আমঘাটা): রাত ১০টা ১৫ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়বে।

৩১৮৯০ (আমঘাটা-কৃষ্ণনগর): রাত ১০টা ৪০ মিনিটে আমঘাটা থেকে ছাড়বে।

লালগোলা শাখায় এল নতুন মেমু (MEMU) রেক
শিয়ালদহ থেকে লালগোলার দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার। এই দীর্ঘ ৫ ঘণ্টার পথ অতিক্রম করতে গিয়ে যাত্রীদের শৌচাগারের সমস্যায় পড়তে হতো। সেই দাবিকে মান্যতা দিয়ে আগামী ১৪ মে থেকে এই শাখায় একটি অতিরিক্ত মেমু (MEMU) রেক চালু করা হচ্ছে। এর ফলে যাত্রীদের শৌচাগারের প্রয়োজনীয়তা মিটবে এবং সফর অনেক বেশি স্বাস্থ্যকর হবে।

রানাঘাট-লালগোলা শাখায় পরিষেবায় বড় বদল
রেলের তরফে জানানো হয়েছে, ইতিমধ্য়েই ৬৩১১১ শিয়ালদহ-রানাঘাট মেমু প্যাসেঞ্জার ট্রেনটির পরিষেবা শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, রানাঘাট-লালগোলা শাখাতেও মেমু ট্রেনের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রীদের জন্য আরও উন্নত ও স্বাস্থ্যকর পরিষেবা দিতেই এই সিদ্ধান্ত। রেলের এই নতুন ব্যবস্থার ফলে শুধু যে সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা হবে তাই নয়, নবদ্বীপ-মায়াপুর অঞ্চলের পর্যটন ও ব্যবসায়িক ক্ষেত্রেও প্রভূত উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।