সকালের চায়ে পড়বে কোপ? লিটার প্রতি ২ টাকা দাম বাড়াল আমূল, দেখুন নতুন রেট চার্ট

নতুন মাস পড়ার আগেই সাধারণ মানুষের হেঁশেলে বড়সড় ধাক্কা দিল জনপ্রিয় ডেয়ারি ব্র্যান্ড আমূল। রান্নার গ্যাসের পর এবার অগ্নিমূল্য হলো দুধ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্যাকেজিং ও সামগ্রিক উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে দেশজুড়ে আমূল দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই এই নতুন দাম কার্যকর হতে চলেছে।
কেন এই দাম বৃদ্ধি? গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF), যারা আমূল ব্র্যান্ডের বিপণন করে, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুধের উৎপাদন ও প্রক্রিয়াকরণ খরচের ক্রমাগত বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিশেষ করে পশুখাদ্য ও প্যাকেজিং সরঞ্জামের দাম বাড়ায় দুধের মূল্যবৃদ্ধি কার্যত অনিবার্য হয়ে পড়েছিল।
কোন দুধে কত খরচ বাড়বে? আমূলের সবথেকে জনপ্রিয় ভ্যারাইটি যেমন গোল্ড, তাজা, শক্তি এবং টি স্পেশালের দাম বেড়েছে। হাফ লিটার প্যাকেটে ১ টাকা এবং এক লিটারের প্যাকেটে ২ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে।
এক নজরে নতুন দাম (৫০০ মিলি প্যাকেট):
-
আমূল তাজা: ২৯ টাকা (আগে ছিল ২৮ টাকা)
-
আমূল গোল্ড: ৩৫ টাকা (আগে ছিল ৩৪ টাকা)
-
আমূল গোরুর দুধ: ৩০ টাকা (আগে ছিল ২৯ টাকা)
-
মোষের দুধ: ৩৯ টাকা (আগে ছিল ৩৮ টাকা)
-
আমূল শক্তি: ৩২ টাকা
-
স্লিম অ্যান্ড ট্রিম: ২৬ টাকা
-
টি স্পেশাল: ৩৩ টাকা
এক লিটার প্যাকেটের নতুন দর: এক লিটার প্যাকেটের ক্ষেত্রে পকেটে চাপ বাড়বে আরও কিছুটা। আমূল তাজা ১ লিটারের দাম ৫৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫৭ টাকা। আমূল গোল্ড ১ লিটারের প্যাকেট এখন থেকে কিনতে হবে ৭০ টাকায় (আগে ছিল ৬৮ টাকা)। এছাড়া টি স্পেশাল ১ লিটারের দাম ৬৪ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৬ টাকায়।
চাপ বাড়ছে মধ্যবিত্তের সকালের এক কাপ চা থেকে শুরু করে শিশুদের পুষ্টি—দুধ প্রতিটি ভারতীয় পরিবারের অপরিহার্য পণ্য। আমূলের মতো বড় সংস্থা দাম বাড়ানোয় স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। বাজার বিশেষজ্ঞদের মতে, আমূলের পথে হেঁটে আগামী দিনে মাদার ডেয়ারি বা মেট্রো ডেয়ারির মতো অন্যান্য সংস্থাও দাম বাড়ানোর পথে হাঁটতে পারে। সব মিলিয়ে মাসের শেষে এই মূল্যবৃদ্ধি সাধারণ মধ্যবিত্তের মাসিক বাজেটে যে বড়সড় ধাক্কা দেবে, তা বলাই বাহুল্য।