WhatsApp-স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন আসছে, জেনেনিন কী কী?

মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসতে চলেছে একগুচ্ছ সুখবর। প্রিয় মুহূর্তের স্ট্যাটাস ২৪ ঘণ্টা পর চিরতরে হারিয়ে যাওয়ার দিন এবার শেষ হতে চলেছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও আধুনিক করতে ইনস্টাগ্রামের ধাঁচে একগুমান্ত নতুন ফিচার যুক্ত করছে মার্ক জাকারবার্গের সংস্থা।
স্ট্যাটাস হবে স্থায়ী:
আসছে ‘আর্কাইভ’ সুবিধা বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস দিলে তা ঠিক ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। অনেক সময় নিজের দেওয়া প্রিয় কোনো ছবি বা ভিডিও পরে আর খুঁজে পাওয়া যায় না। এই সীমাবদ্ধতা দূর করতে হোয়াটসঅ্যাপ আনছে ‘স্ট্যাটাস আর্কাইভ’ ফিচার। অনেকটা ইনস্টাগ্রাম স্টোরি আর্কাইভের মতোই, এখানে আপনার দেওয়া পুরনো স্ট্যাটাসগুলো অ্যাপের ভেতরেই একটি নির্দিষ্ট ফোল্ডারে জমা থাকবে। ব্যবহারকারী চাইলে যেকোনো সময় সেই আর্কাইভ থেকে পুরনো স্ট্যাটাস দেখতে পারবেন বা পুনরায় শেয়ার করতে পারবেন।
চ্যাটিংয়ে ফিরছে মেসেঞ্জারের স্বাদ:
‘চ্যাট বাবল’ ফিচার শুধু স্ট্যাটাসেই নয়, সরাসরি মেসেজ আদান-প্রদানের ক্ষেত্রেও বড় বদল আসছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য শিগগিরই চালু হতে পারে ‘চ্যাট বাবল’ ফিচার। ফেসবুক মেসেঞ্জারে এই সুবিধাটি আগে থেকেই অত্যন্ত জনপ্রিয়। নতুন এই ফিচারের মাধ্যমে অন্য কোনো অ্যাপ ব্যবহার করার সময়ও হোয়াটসঅ্যাপ মেসেজ এলে স্ক্রিনের ওপর একটি ছোট বাবল বা গোল বৃত্তাকারে প্রেরকের ছবি ও অ্যাপের লোগো ভেসে উঠবে। ব্যবহারকারীকে আলাদা করে হোয়াটসঅ্যাপ অ্যাপে ঢুকতে হবে না; ওই বাবল থেকেই সরাসরি রিপ্লাই দেওয়া যাবে।
কবে মিলবে এই সুবিধা? সূত্রের খবর, মেটা বর্তমানে এই ফিচারগুলো নিয়ে পরীক্ষামূলক কাজ চালাচ্ছে। খুব দ্রুতই বিটা ভার্সন হয়ে সাধারণ ব্যবহারকারীদের জন্য এই আপডেটগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। ডিজিটাল যোগাযোগের দুনিয়ায় হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপ টেলিগ্রাম বা সিগন্যালের মতো প্রতিযোগী অ্যাপগুলোর তুলনায় জাকারবার্গের প্ল্যাটফর্মকে আরও একধাপ এগিয়ে দেবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।