মর্মান্তিক! মসজিদে সন্ত্রাসীদের ভয়াবহ হামলা, ইমামসহ নিহত ১২

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ইমামসহ অন্তত এক ডজন মুসল্লি নিহত হয়েছেন।
শনিবার রাতে এশার নামাজের সময় মসজিদে হামলার এ ঘটনায় আরও কয়েকজন মুসল্লিকে অপহরণ করা হয়। রোববার স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে আসে এবং এলোপাতাড়ি গুলি চালায়। যে কারণে মুসল্লিরা মসজিদ থেকে পালিয়ে যেতে বাধ্য হন।

এশার নামাজের সময় গোলাগুলির মাঝে পড়ে অন্তত ১২ জন মারা গেছেন। নিহতদের মধ্যে মসজিদের প্রধান ইমামও আছেন বলে জানিয়েছেন হারুনা।

ফুন্তুয়ার আরেক বাসিন্দা আব্দুল্লাহি মোহাম্মদ বলেন, হামলাকারীরা মসজিদ থেকে অনেক লোকজনকে জড়ো করে এবং ঝোপের কাছে নিয়ে যায়। আমি অপহরণ করা নিরীহ লোকদের মুক্তির জন্য তাদের কাছে অনুরোধ জানিয়েছি।

ক্যাটসিনা পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার-সমর্থিত প্রহরী কিছু বাসিন্দার সহায়তায় কয়েকজন মুসল্লিকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, নাইজেরিয়ার সশস্ত্র সংগঠনের সদস্যরা প্রায়ই বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে মানুষকে হত্যা অথবা অপহরণের পর মুক্তিপণ আদায় করে। সংঘবদ্ধ গ্যাং চক্রের সদস্যরা গ্রামবাসীর চাষাবাদ এবং ফসল কাটার অনুমতির জন্য সুরক্ষা ফিও দাবি করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *