ন্যাটো থেকে স্পেনকে ছেঁটে ফেলবে আমেরিকা? ইরান যুদ্ধে না বলায় মিত্রদের ওপর খড়গহস্ত ট্রাম্প!

ইরান ইস্যুতে পশ্চিমী মিত্রদের সঙ্গে আমেরিকার সম্পর্কের ফাটল এখন আর আড়ালে নেই। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ওয়াশিংটনকে প্রত্যাশিত সমর্থন না দেওয়ায় এবার মিত্র দেশগুলোকে ‘শাস্তি’ দেওয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেল থেকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে বার্তা সংস্থা রয়টার্স।

টার্গেট স্পেন: ন্যাটো থেকে বহিষ্কারের হুমকি?
মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় যেসব ন্যাটো (NATO) মিত্র দেশ সক্রিয় সহযোগিতা করেনি, তাদের ওপর চরম ক্ষুব্ধ হোয়াইট হাউস। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে স্পেনকে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট থেকে সাময়িকভাবে বহিষ্কার করার মতো নজিরবিহীন ও কঠোর প্রস্তাব দেওয়া হয়েছে।

ব্রিটেনের ওপর চাপ: ফকল্যান্ড ইস্যুতে ভোলবদল!
শুধু স্পেন নয়, পেন্টাগনের এই গোপন বার্তায় ব্রিটেনের ওপর চাপ সৃষ্টির কৌশলও ধরা পড়েছে। প্রস্তাব দেওয়া হয়েছে যে, দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের মালিকানার বিষয়ে ওয়াশিংটন যে দীর্ঘদিনের সমর্থন দিয়ে আসছিল, তা থেকে এবার সরে আসা হতে পারে। অর্থাৎ, ব্রিটিশদের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে লন্ডনকে চাপে ফেলতে চাইছে ট্রাম্প প্রশাসন।

কেন এত ক্ষুব্ধ ট্রাম্প?
বিশ্লেষকরা বলছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর সরাসরি হামলার পর থেকেই ইউরোপীয় মিত্রদের কাছ থেকে সক্রিয় সামরিক অংশগ্রহণ আশা করেছিল আমেরিকা। কিন্তু স্পেনসহ বেশ কিছু ইউরোপীয় দেশ এই যুদ্ধে সরাসরি জড়াতে অনাগ্রহ দেখিয়েছে। পেন্টাগনের এই ইমেল ফাঁস হওয়ার পর এটা স্পষ্ট যে, ইরান ইস্যুতে ‘অবাধ্য’ মিত্রদের ওপর বড় ধরনের কৌশলগত চাপ সৃষ্টি করতে চাইছে হোয়াইট হাউস।

এই ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পশ্চিমী জোটের সংহতিকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।