WhatsApp-এ মেসেজ সিন করলেই শুরু হবে কাউন্টডাউন, জেনেনিন কেন?

বর্তমান যুগে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি বজায় রাখাই সবথেকে বড় চ্যালেঞ্জ। আর ব্যবহারকারীদের সেই নিরাপত্তাকে আরও জোরদার করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) নিয়ে আসছে এক দুর্ধর্ষ ফিচার— ‘আফটার রিডিং’ (After Reading)। ডিজঅ্যাপিয়ারিং মেসেজ বা স্বয়ংক্রিয়ভাবে মেসেজ মুছে যাওয়ার ব্যবস্থাকেই এবার নতুন এক উচ্চতায় নিয়ে যেতে চলেছে মেটা-র মালিকানাধীন এই সংস্থা।
কী এই ‘আফটার রিডিং’ ফিচার?
বর্তমানে হোয়াটসঅ্যাপে ডিজঅ্যাপিয়ারিং মেসেজ সেট করলে, মেসেজ পাঠানোর মুহূর্ত থেকেই সময় (২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন) গণনা শুরু হয়। কিন্তু নতুন এই ফিচারে নিয়মটা বদলে যাচ্ছে:
-
নতুন নিয়ম: আপনি যখন কাউকে মেসেজ পাঠাবেন, টাইমার সঙ্গে সঙ্গে শুরু হবে না।
-
ট্রিগার পয়েন্ট: প্রাপক (Receiver) যখন মেসেজটি প্রথমবার খুলে পড়বেন, ঠিক সেই মুহূর্ত থেকেই কাউন্টডাউন শুরু হবে।
-
নিরাপদ তথ্য: আপনি যদি কাউকে ওটিপি (OTP), পাসওয়ার্ড বা কোনও ব্যক্তিগত নথি পাঠান, তবে তিনি সেটি পড়ার নির্দিষ্ট সময় পরেই তা নিজে থেকে ডিলিট হয়ে যাবে। ফলে চ্যাটে সেই তথ্য দীর্ঘক্ষণ পড়ে থাকার ঝুঁকি কমবে।
৫ মিনিটেই মুছে যাবে চ্যাট!
প্রযুক্তি বিষয়ক প্ল্যাটফর্ম ওয়েবিটাইনফো (WABetaInfo) জানিয়েছে, এই ফিচারের পাশাপাশি আরও কিছু ছোট সময়ের টাইমার অপশন যুক্ত হতে পারে।
ব্যবহারকারীরা এখন ৫ মিনিট, ১ ঘণ্টা কিংবা ১২ ঘণ্টার টাইমারও সেট করতে পারবেন। অর্থাৎ মেসেজটি পড়ার ৫ মিনিটের মধ্যেই সেটি চিরতরে মুছে ফেলা সম্ভব হবে।
কবে আসছে এই ফিচার?
রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বিটা ফর অ্যান্ড্রয়েড ২.২৬.১৫.১১ ভার্সনে এই ফিচারের কাজ চলতে দেখা গেছে। বর্তমানে এটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই বিটা টেস্টারদের জন্য এবং পরবর্তীতে সমস্ত সাধারণ ইউজারদের জন্য এই আপডেট রোল-আউট করা হতে পারে।
প্রেরক ও প্রাপকের আলাদা নিয়ন্ত্রণ
এই ফিচারের অন্যতম বড় চমক হলো, টাইমিং প্রেরক ও প্রাপকের জন্য আলাদাভাবে কাজ করতে পারে। অর্থাৎ প্রাপকের ফোনে মেসেজটি পড়ার পর কতক্ষণ থাকবে এবং প্রেরকের ডিভাইসে তা কতক্ষণ দৃশ্যমান হবে, তার ওপর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে।
এক কথায়, অনলাইন চ্যাটিংয়ের দুনিয়ায় গোপনীয়তার সংজ্ঞাই বদলে দিতে চলেছে হোয়াটসঅ্যাপের এই ‘আফটার রিডিং’ মোড। এখন দেখার, সাধারণ ইউজারদের হাতে এই ফিচার পৌঁছলে তা কতটা জনপ্রিয় হয়।