“৬ মেরে হাফ সেঞ্চুরি”-‘ফিনিশার’ রিঙ্কু সিং; রাজস্থানকে ধসিয়ে জাত চেনালেন বরুণ

আইপিএল-এর মহানাটকীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ঘুরে দাঁড়াল কলকাতা নাইট রাইডার্স। ১৫৬ রান তাড়া করতে নেমে একসময় খাদের কিনারায় চলে গিয়েছিল কেকেআর। সেখান থেকে দলকে টেনে তুললেন ‘লর্ড’ রিঙ্কু সিং এবং বল হাতে ভেলকি দেখালেন বরুণ চক্রবর্তী। এই জয়ের পর কেকেআর ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন—বেগুনি-সোনালি ব্রিগেড কি তবে প্লে-অফে যেতে পারবে?
শুরুতেই বিপর্যয়, কেকেআরের টালমাটাল অবস্থা
ঘরের মাঠে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুঃস্বপ্নের শুরু হয়েছিল কলকাতার। দুই ওপেনার টিম সাইফার্ট এবং অজিঙ্ক রাহানে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। ক্যামেরন গ্রিন (২৭) ও অঙ্গকৃষ্ণ রঘুবংশী (১০) কিছুটা চেষ্টা করলেও ইনিংসকে থিতু করতে ব্যর্থ হন। রভমন পাওয়েল ২৩ রান করে আউট হলে হারের কালো মেঘ ঘনিয়ে আসে কেকেআর শিবিরে।
মুশকিল আসান রিঙ্কু ও অনুকুলের লড়াই
যখন মনে হচ্ছিল ম্যাচ হাতের বাইরে চলে যাচ্ছে, তখনই জ্বলে ওঠেন রিঙ্কু সিং। অনুকূল রায়কে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। রিঙ্কু আরও একবার প্রমাণ করলেন কেন তাকে দলের সেরা ফিনিশার বলা হয়। এই জয়ের ফলে কিছুটা স্বস্তি ফিরলেও প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে কলকাতাকে পরবর্তী ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
বরুণের স্পিন জাদুতে কুপোকাত রাজস্থান
এর আগে টস জিতে ব্যাট করতে নামা রাজস্থান রয়্যালসের শুরুটা কিন্তু ভালোই ছিল। বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার-প্লে’তেই দলের রান ৫০ পার করে দেন। কিন্তু নবম ওভারে বরুণ চক্রবর্তীর স্পিন প্যাঁচে ক্যাচ দেন বিধ্বংসী মেজাজে থাকা বৈভব (২৮ বলে ৪৬ রান)। এরপর বরুণের স্পিন ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থানের মিডল অর্ডার। যশস্বী ও ধ্রুব জুরেলরা দ্রুত আউট হলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রান তুলতে সক্ষম হয় রাজস্থান। বরুণ চক্রবর্তী একাই নেন ৩টি উইকেট।