“১ কেজি সোনা থেকে ২৫ লাখি গাড়ি”—৫ বছরে কয়েক গুণ বৃদ্ধি! লাভলি মৈত্রর হলফনামায় সম্পত্তির ‘বিস্ফোরণ’

রূপোলি পর্দা থেকে রাজনীতির ময়দান— গত পাঁচ বছরে অভিনেত্রী লাভলি মৈত্রর জীবনে বদল এসেছে আকাশ-পাতাল। আসন্ন বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতেই সামনে এল তাঁর সম্পত্তির পাহাড়-প্রমাণ খতিয়ান। হলফনামা অনুযায়ী, ২০২১ সালের তুলনায় তাঁর অস্থাবর সম্পত্তি বেড়েছে প্রায় ৫ গুণ!

আর্থিক উল্লম্ফন: ৪৯ লক্ষ থেকে ২.৭০ কোটি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় লাভলির অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ৪৯ লক্ষ টাকা। ২০২৬-এর হলফনামা বলছে, বর্তমানে সেই অঙ্কটা দাঁড়িয়েছে ২ কোটি ৭০ লক্ষ টাকায়। শুধু লাভলিই নন, তাঁর স্বামী তথা পুলিশ আধিকারিক সৌম্য রায়ের সম্পত্তিও পাল্লা দিয়ে বেড়েছে। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি।

১ কেজি সোনা ও বহুমূল্য গাড়ি লাভলি মৈত্রর হলফনামায় সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর সোনার গয়না। বর্তমানে তাঁর কাছে রয়েছে প্রায় ১০০০ গ্রাম (১ কেজি) সোনা, যার বাজারমূল্য ১ কোটি টাকারও বেশি। এছাড়া, ২০২১ সালে কোনও গাড়ি না থাকলেও, ২০২৩ সালে তিনি কিনেছেন প্রায় ২৫ লক্ষ টাকার একটি বিলাসবহুল গাড়ি।

ব্যাঙ্ক ব্যালেন্স বনাম স্থাবর সম্পত্তি হলফনামার তথ্য অনুযায়ী, লাভলি ও তাঁর স্বামীর ব্যাঙ্কে বিপুল সঞ্চয়, পিপিএফ (PPF) এবং স্থায়ী আমানত থাকলেও, দু’জনের কারও নামেই কোনও বাড়ি বা জমি (স্থাবর সম্পত্তি) নেই। বর্তমানে লাভলির হাতে নগদ ৯০ হাজার টাকা এবং তাঁর স্বামীর কাছে ২০ হাজার টাকা রয়েছে। তবে সম্পদের পাশাপাশি লাভলির নামে প্রায় ৫০ লক্ষ টাকার ঋণও রয়েছে।

সোনারপুরে ‘গ্ল্যামার’ বনাম ‘গ্ল্যামার’ সোনারপুর দক্ষিণ কেন্দ্রে এবার লড়াইটা হতে চলেছে সমানে-সমানে। একদিকে তৃণমূলের ঘরের মেয়ে লাভলি মৈত্র, অন্যদিকে বিজেপির হেভিওয়েট প্রার্থী তথা বর্ষীয়ান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বাম-কংগ্রেস জোট ময়দানে থাকলেও, রাজনৈতিক মহলের নজর কেড়েছে দুই অভিনেত্রীর এই হাই-ভোল্টেজ লড়াই।

এখন দেখার, এই ‘লক্ষ্মীলাভ’-এর খতিয়ান ভোটারদের মনে কী প্রভাব ফেলে। লাভলি কি পারবেন তাঁর কেন্দ্র ধরে রাখতে, নাকি রূপার জাদুতে পদ্ম ফুটবে সোনারপুরে? উত্তর মিলবে ফলপ্রকাশের দিন।