নবান্নের চাবিকাঠি কি শহরতলির হাতেই? দক্ষিণবঙ্গের ১২টি আসনে হার-জিতের রুদ্ধশ্বাস অঙ্ক!

২০২৬-এর মহাযুদ্ধে বাংলার মসনদ কার দখলে থাকবে, তার উত্তর লুকিয়ে আছে কলকাতার উপকণ্ঠেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “শহরতলি যার, নবান্ন তার!” কলকাতা ও সংলগ্ন এলাকা মিলিয়ে মোট ২৮টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে শহরের ১১টি বাদেও শহরতলির ১৭টি আসন রাজ্যের ক্ষমতার পালাবদলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধ্যবিত্ত মনস্তত্ত্ব, শ্রমজীবী মানুষের ক্ষোভ আর বস্তি এলাকার ভোট ব্যাঙ্ক— এই তিনের মিশলে তৈরি শহরতলির ১২টি আসনের বর্তমান চালচিত্র দেখে নিন একনজরে।
১. টালিগঞ্জ: ত্রিমুখী লড়াইয়ে চাপে মন্ত্রী?
-
প্রার্থী: অরূপ বিশ্বাস (তৃণমূল), পাপিয়া অধিকারী (বিজেপি), পার্থপ্রতিম বিশ্বাস (সিপিএম)।
-
অঙ্ক: গতবার বাবুল সুপ্রিয়কে অনায়াসে হারালেও এবার অরূপ বিশ্বাসের সামনে কঠিন চ্যালেঞ্জ। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভই এখানে বড় ফ্যাক্টর। বামেদের ভোট বাড়লে বিপাকে পড়তে পারে তৃণমূল।
২. যাদবপুর: বামেদের শক্ত ঘাঁটি কি ফের লাল হবে?
-
প্রার্থী: দেবব্রত মজুমদার (তৃণমূল), বিকাশরঞ্জন ভট্টাচার্য (সিপিএম), শর্বরী মুখোপাধ্যায় (বিজেপি)।
-
অঙ্ক: বিকাশ ভট্টাচার্যের ব্যক্তিগত ক্যারিশমায় এখানে বামেদের গ্রাফ ঊর্ধ্বমুখী। তৃণমূল ও সিপিএমের ভোট কাটাকাটির মাঝে ফায়দা তুলতে পারেন বিজেপির তারকা প্রার্থী শর্বরী।
৩. বরানগর ও পানিহাটি: উত্তপ্ত উত্তর ২৪ পরগনা
-
বরানগর: এখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গ্ল্যামারের উল্টোদিকে বিজেপির সজল ঘোষ ও বামেদের সায়নদীপ মিত্রর মধ্যে কড়া টক্কর।
-
পানিহাটি: কলতান দাশগুপ্তর প্রার্থী হওয়া এই কেন্দ্রে নতুন মাত্রা যোগ করেছে। তৃণমূলের তীর্থাঙ্করের বিরুদ্ধে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
৪. বেহালা ও সংলগ্ন এলাকা: লড়াই এবার ‘ছায়া’মুক্ত
-
বেহালা পূর্ব ও পশ্চিম: রত্না চট্টোপাধ্যায় কি পারবেন নিজের দুর্গ রক্ষা করতে? ইন্দ্রনীল খাঁ ও শংকর শিকদাররা এখানে গেরুয়া ঝড় তোলার আশায়।
-
বিধাননগর: সুজিত বসুর হাই-ভোল্টেজ লড়াই ডঃ শারদ্বত মুখার্জির সাথে। মধ্যবিত্ত আবাসনের ভোট কার দিকে যায়, সেটাই দেখার।
৫. রাজারহাট ও নিউটাউন: টেক-হাবের দখল কার?
-
রাজারহাট-গোপালপুর: অদিতি মুন্সির জনপ্রিয়তার সামনে তরুণজ্যোতি তিওয়ারির আইনি লড়াই বনাম মাঠের লড়াই।
-
নিউটাউন: তাপস চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতার বিপরীতে নতুন মুখ সপ্তর্ষী দেব ও পীযুষ কানোড়িয়া কতটা জমি দখল করতে পারেন, তা নিয়ে চলছে জল্পনা।