ভোটের আগে অশান্তি রুখতে কড়া কমিশন! স্পর্শকাতর এলাকায় রুট মার্চের মেগা নির্দেশিকা

প্রথম দফার ভোটের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর ও অশান্তিপ্রবণ এলাকায় আগামী ২-৩ দিনের মধ্যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ করার কড়া নির্দেশ দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জেলাশাসক ও পুলিশ সুপারদের এই নির্দেশিকা পাঠিয়ে স্পষ্ট জানানো হয়েছে যে, ভোটারদের মনের ভয় দূর করে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অতীতে যেসব এলাকায় নির্বাচনী হিংসা ঘটেছে, সেখানে সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ কাজ করে, যার ফলে ভোটদানের হারও কমে যায়। সেই হার বাড়াতে এবং সাধারণ ভোটারদের আস্থা ফেরাতে গত নির্বাচনে অশান্ত হওয়া এলাকাগুলিকে বিশেষভাবে চিহ্নিত করে সেখানে রুট মার্চের ওপর জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ভোটারদের আশ্বস্ত করতেই এই বিশেষ পদক্ষেপ।
এই পুরো প্রক্রিয়াটি স্রেফ রুট মার্চের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। নির্দেশিকায় বলা হয়েছে, জেলাশাসক ও পুলিশ সুপারদের ব্যক্তিগতভাবে এলাকায় উপস্থিত থেকে এই রুট মার্চ তদারকি করতে হবে। রুট মার্চ শেষে সেই সংক্রান্ত একটি ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ সরাসরি নির্বাচন কমিশনে জমা দিতে হবে। ভোটের আগে বুথ স্তরে নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশনের এই সক্রিয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।