আইপিএল ডাগআউটে মোবাইল হাতে ম্যানেজার! রাজস্থান রয়্যালসের ওপর চটলেন বিসিসিআই কর্তারা, বড় বিপদে সঞ্জু স্যামসনের দল!

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ছাপিয়ে এবার শিরোনামে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অফ-ফিল্ড বিতর্ক। দলের দীর্ঘদিনের ম্যানেজার রোমি ভিন্দারের একটি ‘ভুল’ এখন ফ্র্যাঞ্চাইজিটির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে বিসিসিআই-এর কড়া কারণ দর্শানোর (Show Cause) নোটিশ পেলেন তিনি।

কী এই POMA প্রোটোকল? আইপিএলের দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (ACSU) নিয়ম অনুযায়ী, ‘প্লেয়ার অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’ বা POMA (পোমা)-তে ম্যাচ চলাকালীন মোবাইল ফোন বা কোনও ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। দলের ম্যানেজারদের ফোন রাখার অনুমতি থাকলেও, ডাগআউটের মতো সংবেদনশীল জায়গায় ফোন ব্যবহার করা নিয়মবিরুদ্ধ। মূলত বেটিং ও ফিক্সিং রুখতেই এই কঠোর ব্যবস্থা রাখা হয়েছে।

ভাইরাল ভিডিওতে বিপত্তি: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাজস্থানের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর ঠিক পাশেই বসে ফোন ব্যবহারে মগ্ন রোমি ভিন্দার। নেটিজেনরা সেই ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে বিসিসিআই-এর দৃষ্টি আকর্ষণ করেন। বিসিসিআই এর আগে জানিয়েছিল তারা বিষয়টি তদন্ত করছে, আর এবার সরাসরি ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা তলব করল বোর্ড।

বড় শাস্তির মুখে রাজস্থান! রোমি ভিন্দার অনেকদিন ধরেই রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত, ফলে তাঁর মতো অভিজ্ঞ কারও থেকে এই ভুল মেনে নিতে পারছে না বোর্ড। বিসিসিআই সূত্রে খবর:

  • রোমির উত্তর সন্তোষজনক না হলে তাঁকে এক বা একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে।

  • এই নিয়ম লঙ্ঘনের দায়ে তাঁকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হতে পারে।

  • ফ্র্যাঞ্চাইজি হিসেবে রাজস্থান রয়্যালসের ওপরেও শাস্তির খাঁড়া নেমে আসার সম্ভাবনা রয়েছে।

এখন দেখার বিষয়, রোমি তাঁর জবাবে অনিচ্ছাকৃত ভুলের যুক্তি দিয়ে বোর্ডের মন গলাতে পারেন কি না।