“বাংলার মুখ্যমন্ত্রী হন, আপনি তো বহিরাগত”-মোদীকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ভোটের উত্তাপে বীরভূমের সিউড়ি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর যদি বাংলার প্রতি এতই মোহ থাকে, তবে তিনি পদ ছেড়ে কেন মুখ্যমন্ত্রী পদের জন্য লড়ছেন না? বাংলার রাজনৈতিক লড়াইকে ‘বাঙালি বনাম বহিরাগত’ তত্ত্বে সাজিয়ে এদিন আগাগোড়া আক্রমণাত্মক মেজাজে পাওয়া গেল তৃণমূল নেত্রীকে।
প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ:
মমতা বলেন, “যদি সত্যিই বাংলার ২৯৪টি আসনে লড়তে চান, তাহলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে ঘোষণা করুন যে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হতে চান। সেই ভিত্তিতেই ভোট চান।” তিনি স্পষ্ট করে দেন যে, তৃণমূলের সরকার চাইলে ২৯৪টি আসনেই ভোটারদের তাঁকেই প্রার্থী হিসেবে ভাবতে হবে। তাঁর কথায়, “উজ্জ্বল প্রার্থী নন, আসল প্রার্থী আমি।”
‘মন কি বাত’ ও কর্মসংস্থান নিয়ে তোপ:
প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-কেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা। তাঁর অভিযোগ, মানুষের জ্বলন্ত সমস্যার সমাধান না করে নানা মাধ্যমে মানুষের মনোযোগ ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, “সেই চাকরি কোথায় গেল? উল্টে আমরা যখন শূন্যপদে নিয়োগ করতে যাই, তখনই নানা মামলা দিয়ে তা আটকে দেওয়া হয়।”
আরএসএস ও বিভাজনের রাজনীতি:
এদিন আরএসএস-সহ বিভিন্ন ডানপন্থী সংগঠনকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, মানুষের মধ্যে বিভাজন তৈরি করা এবং বিদ্বেষ ছড়ানোই এদের আসল লক্ষ্য। নির্বাচনের মুখে এই সভার মাধ্যমে মমতা বুঝিয়ে দিলেন, আসন্ন লড়াইয়ে বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তিনি।