সোহমের সংগ্রহে দামী চার চাকা ও সোনার গয়না, কত কোটির সম্পত্তির মালিক টলিউডের ‘বিট্টু’?

ভোটের আবহে নির্বাচনী ময়দান যেমন তপ্ত, তেমনই প্রার্থীদের হলফনামা ঘিরে সাধারণ মানুষের কৌতূহলও তুঙ্গে। কে কত টাকার মালিক, কার কটা বাড়ি—এই সব নিয়েই এখন চায়ের দোকানে জোর চর্চা। সেই তালিকায় এবার উঠে এলেন ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নদিয়ার করিমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তী। রাজনীতির ময়দানে তিনি যেমন সক্রিয়, তেমনই তাঁর সম্পত্তির পাহাড় এবং দেনার পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই।
নগদ ও বিনিয়োগের খতিয়ান:
হলফনামা অনুযায়ী, সোহমের হাতে এই মুহূর্তে নগদ রয়েছে মাত্র ৩৬ হাজার ৭৭৮ টাকা। তবে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সঞ্চয় মিলিয়ে তাঁর মোট আর্থিক সম্পদের পরিমাণ ১ কোটি ৩৪ লক্ষ ৫ হাজার ২৬০ টাকা। সব মিলিয়ে সোহম চক্রবর্তীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৮ লক্ষ ১১ হাজার ৬২৬ টাকা।
বিলাসবহুল গাড়ি ও সোনা:
গাড়ির প্রতি সোহমের ভালোবাসা সর্বজনবিদিত। তাঁর গ্যারেজে রয়েছে চারটি দামী গাড়ি, যার সম্মিলিত বাজারমূল্য প্রায় ৭৮ লক্ষ ৮১ হাজার ৬৯৮ টাকা। এছাড়া অভিনেতার কাছে ১১৩.৮৯ গ্রাম সোনার গয়না রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ ৮৭ হাজার ৮৯০ টাকা।
স্থাবর সম্পত্তি ও বিশাল ঋণ:
স্থাবর সম্পত্তির নিরিখে সোহমের কোনও জমি নেই। তবে তিনি দুটি বাড়ির মালিক, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ৯১৯ টাকা। তবে চমক রয়েছে তাঁর ঋণের তালিকায়। হলফনামা বলছে, সোহমের নামে মোট ৬ কোটি ২৪ লক্ষ ৮৭ হাজার ৬৮১ টাকার বিশাল অঙ্কের দেনা রয়েছে। অন্যদিকে, সোহমের স্ত্রীর ব্যাঙ্কে সঞ্চয় ও বিনিয়োগ মিলিয়ে রয়েছে ১০ লক্ষ ৩৮ হাজার ৪৭৫ টাকা। তাঁর নামে কোনও জমি বা বাড়ি নেই। করিমপুরের এই তারকা প্রার্থীর নির্বাচনী লড়াইয়ের পাশাপাশি এখন তাঁর এই ‘ডেবিট-ক্রেডিট’ ব্যালেন্স শিট নিয়েই রাজ্যজুড়ে চলছে জোরদার আলোচনা।