টাকা মারলে রেহাই নেই! লীনা গাঙ্গুলির সংস্থাকে ৪৮ ঘণ্টার চরম হুঁশিয়ারি আর্টিস্ট ফোরামের, উত্তাল টলিপাড়া

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু টলিউডের অন্দরে যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে, তা এবার আছড়ে পড়ল প্রযোজক লীনা গাঙ্গুলির দরজায়। রবিবার সন্ধ্যায় টেকনিশিয়ান স্টুডিওতে আয়োজিত এক জরুরি বৈঠকে লীনা গাঙ্গুলি ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম।

৪৮ ঘণ্টার সময়সীমা: ফোরামের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ম্যাজিক মোমেন্টস বা অর্গানিক স্টুডিওর কাছে কোনো শিল্পীর এক পয়সাও বকেয়া থাকলে তার হিসাব দিতে হবে আগামী দু’দিনের মধ্যে। শিল্পীদের নাম, প্রজেক্টের নাম এবং বকেয়া টাকার পরিমাণ ই-মেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোরামকে জানাতে বলা হয়েছে। তথ্য হাতে পেলেই কড়া আইনি ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

ভয়ে কাঁপছেন শিল্পীরা, বিস্ফোরক প্রসেনজিৎ: বৈঠক শেষে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক বিস্ফোরক তথ্য ফাঁস করেন। তিনি জানান, শিল্পীদের মধ্যে ভোটাভুটি হয়েছে এবং দেখা গিয়েছে যে অধিকাংশ শিল্পীই লীনা-শৈবালের সংস্থার সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন। প্রসেনজিতের কথায়, “রাহুলের মৃত্যু কেউ ভুলতে পারছেন না, নিরাপত্তার অভাব তাঁদের ভাবাচ্ছে।” বৈঠকে শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, বিদীপ্তা চক্রবর্তীদের মতো সিনিয়র সদস্যরাও একসুরে ক্ষোভ উগরে দেন।

অনাচারের পাহাড়: সামনে এল কনীনিকার অভিজ্ঞতা: রাহুলের মৃত্যুর পর অনেকেই মুখ খুলছেন। অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি নাম না করে তাঁর যন্ত্রণার কথা শেয়ার করেছেন। তিনি জানান, আট বছর আগে যখন তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তখন টানা তিন মাস কাজ করার পরও এই সংস্থা তাঁকে পারিশ্রমিক দেয়নি। নেটিজেনদের দাবি, ‘অন্দরমহল’ ধারাবাহিকের শুটিং চলাকালীন এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তিনি।

বিভক্ত টলিউড: বর্তমানে টলিপাড়া আড়াআড়ি বিভক্ত। একদিকে প্রভাবশালী প্রযোজক জুটি, অন্যদিকে শিল্পী ও কলাকুশলীদের সম্মান ও নিরাপত্তার অধিকার। আর্টিস্ট ফোরামের এই ‘খাঁড়া’ ঝুলিয়ে দেওয়ার পর লীনা গাঙ্গুলির সংস্থা কী প্রতিক্রিয়া দেয় এবং টলিউডের সমীকরণ কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।