ইতিহাস গড়ছে LIC! এই প্রথম মিলবে ‘ফ্রি’ বোনাস শেয়ার, সোমবারেই কি কপাল খুলছে বিনিয়োগকারীদের?

ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে প্রথমবার বড় চমক দিতে চলেছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। ২০২২ সালে লিস্টিং হওয়ার পর এই প্রথম বিনিয়োগকারীদের জন্য ‘বোনাস শেয়ার’ ইস্যু করতে চলেছে কোম্পানি। সোমবার অর্থাৎ ১৩ এপ্রিল বোর্ডের হাই-ভোল্টেজ মিটিংয়ে এই বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়তে পারে।

সোমবারের মিটিংয়ে নজর গত ৭ এপ্রিল স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে কোম্পানি জানিয়েছে, ১৩ এপ্রিল একটি বিশেষ বোর্ড মিটিং ডাকা হয়েছে। এই মিটিংয়ে বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি শেয়ারের অনুপাত (Ratio) এবং রেকর্ড ডেট নিয়েও আলোচনা হবে। অর্থাৎ, আপনি ১টি শেয়ারের বদলে ১টি না কি ৫টি শেয়ার পাবেন, তা আগামীকালই স্পষ্ট হতে পারে।

কারা পাবেন এই সুবিধা? মনে রাখবেন, বোনাস শেয়ার মানেই কিন্তু সবার জন্য নয়। কোম্পানি যে নির্দিষ্ট ‘রেকর্ড ডেট’ ঘোষণা করবে, সেই দিন পর্যন্ত যাঁদের পোর্টফোলিওতে LIC-র শেয়ার থাকবে, একমাত্র তাঁরাই এই অতিরিক্ত শেয়ার পাওয়ার অধিকারী হবেন।

বন্ধ থাকছে ট্রেডিং উইন্ডো ইনসাইডার ট্রেডিং বা গোপন তথ্য ফাঁসের ঝুঁকি এড়াতে কোম্পানির তরফে বর্তমানে ৪৮ ঘণ্টার জন্য ট্রেডিং উইন্ডো বন্ধ রাখা হয়েছে। ৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিক ফলাফল এবং বোনাস শেয়ারের সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।

বিনিয়োগকারীদের জন্য জরুরি টিপস: বোনাস শেয়ার দেওয়ার পর সাধারণত শেয়ারের সংখ্যা বাড়লেও তার আনুপাতিক হারে স্টকের বাজারমূল্য বা দাম কমে যায়। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এটি অত্যন্ত লাভজনক, কারণ ভবিষ্যতে শেয়ারের দাম বাড়লে এবং লভ্যাংশ (Dividend) দেওয়ার সময় শেয়ার সংখ্যা বেশি থাকায় আয়ের পরিমাণও বৃদ্ধি পায়।

LIC-র এই পদক্ষেপ বিমা ক্ষেত্রে এক নয়া জোয়ার আনবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তবে বিনিয়োগের আগে অবশ্যই একজন সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন।