“বসন্তের কোকিল উড়ে যাবে, আপনাদের কী হবে?” বারাসাত থেকে বিজেপিকে ‘শয়তান’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি মমতার!

বঙ্গ ভোটের আগে এবার বারাসাতের জনসভা থেকে সুর সপ্তমে চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাল্টা আক্রমণ করে বিজেপিকে ‘বসন্তের কোকিল’ এবং ‘শয়তান’ বলে কটাক্ষ করলেন তিনি। তাঁর দাবি, ভোটের সময় কুহুকুহু ডাক দিয়ে আসলেও বিপদের দিনে বিজেপির দেখা মেলে না।
বিজেপিকে ‘বসন্তের কোকিল’ কটাক্ষ: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সারা বছর দেখা নেই, ঝড়-বন্যা বা হাসপাতালে কোনো দুর্যোগে এদের দেখা পাওয়া যায় না। ভোটের সময় উড়ে আসে বসন্তের কোকিলের মতো। ভোট মিটে গেলেই উড়ে যাবে, তখন আপনাদের কী হবে?” তাঁর হুঁশিয়ারি, বিজেপি ক্ষমতায় এলে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ঠিকানা— সব কেড়ে নেবে।
ভোটার তালিকা ও নাগরিকত্ব ইস্যু: এদিন বারাসাতের সভা থেকে এসআইআর (SIR) বা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন:
-
মোট ৬০ লক্ষ হিন্দু এবং ৩০ লক্ষ মুসলিম ভাই-বোনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
-
বাগদা, বসিরহাট, দেগঙ্গা, হাবড়া ও গাইঘাটার মতো এলাকায় ঢালাও নাম কাটা হয়েছে।
-
“আমরা বাংলায় কথা বলি বলে কি আমরা দেশের নাগরিক নই? অনুপ্রবেশকারী তকমা দিয়ে আমাদের প্রতিদিন লাইন দিয়ে প্রমাণ দিতে হবে যে আমরা ভারতীয়?”— প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।
“দখল করতে হবে বাংলা, তাই সব শয়তান জুটেছে”: বিজেপিকে ভারতের ‘সবচেয়ে খারাপ পার্টি’ আখ্যা দিয়ে মমতা বলেন, যারা দাঙ্গা-হাঙ্গামা করে এবং বাংলায় কথা বললে অত্যাচার করে, সেই ‘শয়তানরা’ আজ একজোট হয়েছে বাংলা দখল করতে। তিনি সাফ জানান, যারা ৩৬৫ দিন মানুষের পাশে থাকে না, সেই দাঙ্গাকারীদের একটি ভোটও দেওয়া উচিত নয়।
অমিত শাহ যখন ডেবরা থেকে ‘সিন্ডিকেট বিসর্জন’-এর ডাক দিচ্ছেন, তখন বারাসাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘নাগরিকত্ব ও বঞ্চনা’ কার্ড নির্বাচনের ময়দানকে আরও তপ্ত করে তুলল।