বাংলাতেও এবার UCC! ক্ষমতায় আসার ৬ মাসেই ‘অভিন্ন দেওয়ানি বিধি’, শাহর ঘোষণায় তোলপাড় রাজ্য!

২০২৬-এর মহাযুদ্ধে এবার সবথেকে বড় তুরুপের তাসটি চালল বিজেপি। শুক্রবার কলকাতায় বিজেপির নির্বাচনী ইশতেহার বা ‘সংকল্পপত্র’ প্রকাশ করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক ঐতিহাসিক ঘোষণা করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যেই ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকর করা হবে।

মমতাকে খোলা চ্যালেঞ্জ শাহর: বিজেপির সংকল্পপত্রে দেওয়া ১৫টি মূল প্রতিশ্রুতির মধ্যে অন্যতম হলো এই UCC। মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতার প্রসঙ্গ টেনে শাহ এদিন হুঙ্কার দিয়ে বলেন, “মমতা দিদি যতই বিরোধিতা করুন না কেন, গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবেই। আর বাংলায় বিজেপি ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যেই আইন প্রণয়ন করে তা লাগু হবে।”

কী এই অভিন্ন দেওয়ানি বিধি? এটি চালু হলে বিয়ে, বিবাহবিচ্ছেদ, দত্তক নেওয়া এবং সম্পত্তির উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়গুলোতে ধর্মীয় ভেদাভেদ থাকবে না। হিন্দু, মুসলিম বা খ্রিস্টান— সব ধর্মের মানুষের জন্যই তখন একটিই অভিন্ন আইন কার্যকর হবে।

বিজেপি শাসিত রাজ্যগুলির পথে বাংলা: ইতিমধ্যেই উত্তরাখণ্ড ও গুজরাত বিধানসভায় এই আইন পাশ হয়েছে। মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশেও আইন তৈরির কাজ চলছে। এবার সেই তালিকায় পশ্চিমবঙ্গকেও যুক্ত করতে মরিয়া গেরুয়া শিবির। এছাড়াও বিজেপির সংকল্পপত্রে জানানো হয়েছে, বাংলায় ‘ধর্মাচারণের স্বাধীনতা’ নিশ্চিত করতেও নতুন আইন আনা হবে।

লক্ষ্য যখন ৩৭০ ও রাম মন্দির: ৩৭ও ধারা রদ এবং অযোধ্যায় রাম মন্দির নির্মাণের মতোই ইউসিসি কার্যকর করা বিজেপির দীর্ঘদিনের লক্ষ্য। শাহর আজকের এই ঘোষণা বাংলার রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ক্ষমতায় এলে বিজেপি কি সত্যিই মাত্র ১৮০ দিনের মধ্যে বাংলার সামাজিক আইনের ভোলবদল করে দেবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে।