বাঙালি মুখ্যমন্ত্রী না অনুপ্রবেশকারী মুক্ত বাংলা? শাহের এক ঘোষণায় তোলপাড় রাজ্য রাজনীতি!

বিধানসভা নির্বাচনের উত্তাপ চরমে! শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে অভিন্ন দেওয়ানি বিধি (UCC)—একগুচ্ছ বড় প্রতিশ্রুতি দিয়ে বাংলার মন জয়ের চেষ্টা করলেন চাণক্য।
“বাঙালিই হবেন মুখ্যমন্ত্রী”
বিজেপি ক্ষমতায় এলে বহিরাগত কেউ রাজ্য চালাবেন না, এই জল্পনায় জল ঢেলে শাহ আজ স্পষ্ট করে দেন, “বাংলার ভূমি থেকেই কোনো ভূমিপুত্র বা বাঙালিই হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।” এর মাধ্যমেই তিনি তৃণমূলের ‘বহিরাগত’ তকমাকে পাল্টা চ্যালেঞ্জ করলেন।
এক বছরেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’
মেদিনীপুরবাসীর দীর্ঘদিনের যন্ত্রণার নাম ঘাটাল মাস্টার প্ল্যান। সেই আবেগ স্পর্শ করে শাহের বড় ঘোষণা:
“তৃণমূল এই পরিকল্পনাকে জঞ্জালে পরিণত করেছে। মোদিজি টাকা দিতে চাইলেও কাজ হয়নি। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার মাত্র এক বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করে দেখাবে।”
অনুপ্রবেশ ও UCC নিয়ে বড় ধামাকা
অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করে শাহ বলেন, এই অনুপ্রবেশকারীরাই সাধারণ মানুষের চাল ও চাকরি কেড়ে নিচ্ছে। তাঁর হুঙ্কার, “ভোটের পর বেছে বেছে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বের করে ছাড়ব।” একইসঙ্গে তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) লাগু হবে এবং বাংলায় ‘চারটি বিয়ে’ করার প্রথা বন্ধ করা হবে।
“সিন্ডিকেটকে উপড়ে গঙ্গায় ফেলব”
দুর্নীতি ও সিন্ডিকেট রাজ নিয়ে ডেবরা থেকে সুর চড়ান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সাফ কথা:
-
সিন্ডিকেট মুক্তি: “একবার পদ্ম ফুলে বোতাম টিপুন, পুরো সিন্ডিকেট রাজ উপড়ে গঙ্গায় ফেলে দেব।”
-
ভাইপো ইস্যু: “মমতাদিদির লক্ষ্য শুধু ভাইপোকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো, আর মোদিজির লক্ষ্য দেশের সুরক্ষা।”
-
চাকরি: বাংলা থেকে পালিয়ে যাওয়া শিল্প ফিরিয়ে এনে রাজ্যের যুবকদের রাজ্যেই চাকরির গ্যারান্টি দেন তিনি।
গুন্ডাদের জেল হেফাজতের হুঁশিয়ারি
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের উদ্দেশ্যে চরম বার্তা দিয়ে শাহ বলেন, “৫ তারিখের পর কোথায় পালাবেন ঠিক করে রাখুন। বিজেপি সরকার গড়লে অপরাধীদের জায়গা হবে জেলে।”