শনির সাড়ে সাতি মানেই কি সর্বনাশ? কপাল খুলতে পারে এই ৪ রাশির, আপনি কি তালিকায়?

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে নিয়ে সাধারণ মানুষের মনে ভয়ের অন্ত নেই। বিশেষ করে ‘শনির সাড়ে সাতি’ নামটা শুনলেই অনেকে আসন্ন বিপদের আশঙ্কায় ঘামতে শুরু করেন। কিন্তু আপনি কি জানেন, শনির এই দশা সব সময় অভিশাপ নয়, বরং অনেকের জীবনে এটি আশীর্বাদ হয়েও ধরা দেয়? শনিদেব আসলে কর্মফলের দাতা এবং ন্যায়বিচারের দেবতা। আপনার কর্ম যদি সঠিক হয়, তবে সাড়ে সাতির যন্ত্রণার পরেই আপনার জন্য অপেক্ষা করছে আকাশছোঁয়া সাফল্য।

জ্যোতিষীদের মতে, শনিদেব সাড়ে সাতির সময় ব্যক্তির ধৈর্যের পরীক্ষা নেন। যাঁদের জন্মকুণ্ডলীতে শনি অশুভ অবস্থানে থাকে, তাঁরা আর্থিক বা শারীরিক কষ্টের সম্মুখীন হতে পারেন। কিন্তু এই কষ্টের মাধ্যমেই শনিদেব মানুষের ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আনেন। সাড়ে সাতি একজন ব্যক্তিকে পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ এবং সৎ হতে শেখায়। ঠিক যেমন আগুনে পুড়ে সোনা খাঁটি হয়, তেমনই সাড়ে সাতির কঠিন লড়াই পার করে একজন ব্যক্তি জীবনের প্রকৃত সাফল্যের জন্য প্রস্তুত হন।

কাদের ওপর তুষ্ট হন শনিদেব?
শনিদেব তাঁদেরই শুভ ফল দেন যারা সৎপথে চলেন। সাড়ে সাতির সময় মিথ্যা কথা বলা, প্রতারণা, অসহায় বা বয়স্কদের অপমান করা এবং মাদক সেবন থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। যারা কঠোর পরিশ্রমী এবং সচ্চরিত্র, শনিদেব তাঁদের দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে রাজসিংহাসনে বসাতেও দ্বিধা করেন না। এই সময়টি মূলত নিজেকে চেনার এবং প্রকৃত বন্ধুদের চিনে নেওয়ার সময়। সাড়ে সাতির প্রতিকূল পরিস্থিতি আপনাকে শেখাবে কে আপনার আপন আর কে পর।

কোন রাশির জন্য এটি চরম শুভ?
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সব রাশির জন্য সাড়ে সাতি সমান কষ্টদায়ক হয় না। বিশেষ করে মকর, কুম্ভ, বৃষ এবং তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সাড়ে সাতি অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। মকর ও কুম্ভ রাশির অধিপতি খোদ শনিদেব। অন্যদিকে, বৃষ ও তুলা রাশির অধিপতি শুক্র, যিনি শনির পরম মিত্র। ফলে এই চার রাশির জাতকরা সাড়ে সাতির প্রভাবে জীবনে বড় কোনো পদ, সম্মান বা বিপুল সম্পত্তির মালিক হতে পারেন। তাই শনিকে ভয় না পেয়ে, সৎ কর্মের মাধ্যমে তাঁর আশীর্বাদ লাভ করাই বুদ্ধিমানের কাজ।