আর জি কর-সন্দেশখালির পুনরাবৃত্তি রুখতে কড়া শাহ! মহিলাদের জন্য ২১ হাজার টাকা ও নিখরচায় যাতায়াতের ঘোষণা

বাংলায় বিধানসভা ভোটের লড়াইয়ে এবার ‘নারী শক্তি’কেই তুরুপের তাস করল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার নিউ টাউনের একটি হোটেল থেকে দলের নির্বাচনী ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করে রাজ্যবাসীর সামনে একগুচ্ছ মেগা প্রতিশ্রুতি তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর ঘোষণায় সবথেকে বেশি প্রাধান্য পেয়েছে মহিলাদের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা। শাহ স্পষ্ট জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে অন্তঃসত্ত্বা মহিলাদের এককালীন ২১ হাজার টাকা সহায়তা দেওয়া হবে এবং রাজ্যের সরকারি পরিবহণে মহিলাদের জন্য যাতায়াত হবে ১০০ শতাংশ বিনামূল্যে।
আর জি কর এবং সন্দেশখালির প্রসঙ্গ টেনে বর্তমান সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন শাহ। তিনি বলেন, “মহিলাদের নিরাপত্তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা নেব। আর যেন কোনো মুখ্যমন্ত্রীকে বলতে না হয় যে মহিলারা যেন রাতে না বেরোন।” সন্দেশখালির মতো ঘটনায় নির্যাতিতাদের বিচার সুনিশ্চিত করতে একজন অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গড়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়া সরকারি চাকরিতে মহিলাদের জন্য বিশেষ আসন সংরক্ষণের কথাও বলা হয়েছে সঙ্কল্পপত্রে।
নারীদের পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো নিয়েও বড় রোডম্যাপ দিয়েছেন শাহ। তাজপুর ও কুলপিতে ‘ডিপ সি পোর্ট’ তৈরি এবং পশ্চিমবঙ্গকে ‘ব্লু ইকোনমি’র প্রধান রপ্তানি কেন্দ্রে উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। চা ও পাট শিল্পের আধুনিকীকরণেও জোর দেওয়া হয়েছে। ইস্তাহার প্রকাশের পর আজই ডেবরা ও খড়্গপুরে জনসভা করবেন শাহ। আগামীকাল তাঁর গন্তব্য পুরুলিয়া ও বাঁকুড়া। সব মিলিয়ে শাহী সফরে এখন সরগরম বাংলার রাজনীতি।