শোক সামলে ফের ফ্লোরে প্রিয়াঙ্কা! পয়লা বৈশাখেই কি নতুন শুরু? কোন ছবিতে থাকছেন অভিনেত্রী?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণ ওলটপালট করে দিয়েছে প্রিয়াঙ্কা সরকারের জীবন। একা হাতে পুলিশি জট সামলানো থেকে শুরু করে ছেলে সহজ এবং রাহুলের শোকাচ্ছন্ন মা—সবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। তবে শোকের পাহাড় বুকেই এবার পেশাদার জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। সূত্রের খবর, পয়লা বৈশাখের শুভক্ষণেই নতুন কাজের ঘোষণা করতে পারেন প্রিয়াঙ্কা।
পরিচালক অভিজ্ঞান মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘অনুমানের ভিত্তিতে’-তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। আলাদা আলাদা মানুষের জীবন সংগ্রামের এই গল্পে প্রিয়াঙ্কার বিপরীতে দেখা যেতে পারে অভিনেতা জন ভট্টাচার্যকে। অসমবয়সী প্রেম ও বন্ধুত্বের এক অনন্য সমীকরণ ফুটে উঠবে এই ছবিতে। যদিও প্রিয়াঙ্কা এখনই শুটিং ফ্লোরে নামছেন না, তবে খুব শীঘ্রই তিনি লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরবেন বলে জানা গিয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে, বিক্রম চট্টোপাধ্যায়ের প্রযোজনায় ‘তারকাটা’ ওয়েব সিরিজের অসম্পূর্ণ শুটিংয়েও ফিরতে পারেন তিনি। উল্লেখ্য, এই সিরিজের শুটিং চলাকালীনই রাহুলের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি তালসারিতে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী।
রাহুলের মৃত্যুর পর টলিপাড়ার অভূতপূর্ব ঐক্য দেখে আপ্লুত প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে তিনি লেখেন, “গত ৭ তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের। এখানে কোনো বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই। একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, এই অকাল প্রয়াণ যেন ভবিষ্যতে শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা ও সম্মানের ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের সূচনা করে। অভিজ্ঞানের এই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও লিলি চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র ও রোহন ভট্টাচার্যের মতো শিল্পীদের দেখা যাবে।