চা শ্রমিকদের জন্য বিশেষ স্কুল, উত্তরবঙ্গে নতুন ক্যানসার হাসপাতাল! সঙ্কল্পপত্রে উত্তরবঙ্গকে প্রাধান্য শাহের

নির্বাচনী রণহুঙ্কারে এবার উত্তরবঙ্গকে বিশেষ পাখির চোখ করল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার কলকাতায় বিজেপির ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ মেগা প্রকল্পের কথা ঘোষণা করলেন। শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, উত্তরবঙ্গের অবহেলিত চেহারা বদলে দিতে সেখানে তৈরি হবে এইমস (AIIMS), আইআইটি (IIT) এবং আইআইএম (IIM)-এর মতো জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। আলাদা আলাদা জেলায় এই প্রতিষ্ঠানগুলি গড়ে তুলে উত্তরবঙ্গকে শিক্ষার হাব বানাতে চায় গেরুয়া শিবির।

উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে সেখানে একটি বিশ্বমানের ক্যানসার হাসপাতাল এবং ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ার প্রতিশ্রুতিও দিয়েছেন অমিত শাহ। পাহাড় ও ডুয়ার্সের অর্থনীতির মেরুদণ্ড চা বাগানের জন্য তাঁর ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ। শাহ বলেন, “আমরা পুরনো চা বাগানগুলির পুনরুজ্জীবন করব। দার্জিলিং ব্র্যান্ডের চায়ের বিশ্বব্যাপী প্রচারের জন্য তৈরি হবে আলাদা বোর্ড।” চা শ্রমিকদের সন্তানদের জন্য আধুনিক স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র গড়ার পাশাপাশি দার্জিলিংকে ‘ইকো হেরিটেজ’ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বিজেপির সঙ্কল্পপত্রে। বন্যপ্রাণী সংরক্ষণে রয়্যাল বেঙ্গল টাইগারের পুনর্বাসনেও জোর দেবেন তাঁরা।

তবে কেবল উন্নয়ন নয়, শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করতে ছাড়েননি শাহ। আর জি কর এবং সন্দেশখালির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সন্দেশখালি আর আর জি করের ঘটনার পর বাংলার মহিলারা আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।” এই পরিস্থিতি বদলাতে রাজ্যে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ গঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জমি থেকে দখলদারি হঠানোর অঙ্গীকার করেছেন তিনি। শাহের কথায়, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য নয়, বরং অখণ্ড বাংলার মধ্যেই উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়াই বিজেপির লক্ষ্য।