ভোটের দু’সপ্তাহ আগে রাজ্যে ইডির ‘সার্জিক্যাল স্ট্রাইক’! রেশন দুর্নীতিতে ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি

রাজ্যের বিধানসভা নির্বাচনের পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই নতুন করে সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। নির্বাচনের আর মাত্র দিন পনেরো বাকি, এই সন্ধিক্ষণে শুক্রবার ভোর থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির মোট ১২টি জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকেরা। মূলত রেশন দুর্নীতি মামলার শিকড়ে পৌঁছতেই এই ঝোড়ো অভিযান বলে মনে করা হচ্ছে।
তদন্তকারী সূত্রে খবর, পোদ্দার কোর্টের ৮ তলায় এক প্রভাবশালী ব্যবসায়ীর অফিস, মিন্টো পার্কের দফতর এবং লর্ড সিনহা রোডের আবাসন-সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দিয়েছেন আধিকারিকেরা। কলকাতা ছাড়াও বনগাঁ, মুর্শিদাবাদ এবং হাওড়াতেও ইডির পৃথক দল তল্লাশি চালাচ্ছে। এই মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং শঙ্কর আঢ্য। বর্তমানে তাঁরা জামিনে থাকলেও, তদন্তকারীদের অনুমান দুর্নীতির কালো টাকা আরও অনেক ব্যবসায়ীর মাধ্যমে পাচার হয়েছে। সম্প্রতি এই মামলায় ধৃত এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই এই নতুন নামগুলি সামনে এসেছে।
২০২০ সালে নদিয়ায় রেশনের আটা কালোবাজারির ঘটনা দিয়ে এই দুর্নীতির সূত্রপাত। অভিযোগ ছিল, সরকারি গমের প্রায় ২০ থেকে ৪০ শতাংশ সরিয়ে খোলা বাজারে চড়া দামে বিক্রি করে বিপুল টাকা আত্মসাৎ করা হয়েছে। ভোটের মুখে ইডির এই তৎপরতা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা একে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা বললেও, শাসক শিবিরের মতে এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আজকের এই তল্লাশিতে নতুন কোনও প্রভাবশালী নাম বা বড়সড় তথ্য উঠে আসে কি না, এখন সেটাই দেখার।