নন্দীগ্রামে বড় চমক! ভোটের লড়াই থেকে নাম প্রত্যাহার করলেন ‘শুভেন্দু অধিকারী’

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বাংলা। বিশেষ করে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে এবার নয়া মোড়। শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত নিলেন নির্দল প্রার্থী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, ঠিকই পড়েছেন। তবে ইনি বিরোধী দলনেতা নন, বরং তাঁরই এক সমনামী নির্দল প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি নিজের নাম সরিয়ে নেওয়ায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
নন্দীগ্রামে এবার বিজেপির টিকিটে লড়ছেন খোদ শুভেন্দু অধিকারী, যাঁর বিপরীতে তৃণমূলের বাজি পবিত্র কর। লড়াই যখন সমানে-সমানে, ঠিক তখনই কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন এই নির্দল প্রার্থী শুভেন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই নামের প্রার্থী থাকায় ইভিএম-এ ভোট কাটার যে আশঙ্কা ছিল, তা থেকে মুক্তি পেল বিজেপি। ফলে এই সিদ্ধান্ত পরোক্ষভাবে বিরোধী দলনেতাকেই সুবিধা করে দেবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই নির্দল প্রার্থী কলকাতার গড়ফার বাসিন্দা এবং যাদবপুর বিধানসভার ভোটার হলেও পূর্ব মেদিনীপুরের ময়নায় তাঁর পৈতৃক জমি ও বাড়ি রয়েছে। হলফনামায় তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন।
নন্দীগ্রাম আসনে মোট ২৩টি মনোনয়ন জমা পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। তালিকায় বিজেপি, তৃণমূল, সিপিআই এবং কংগ্রেসের পাশাপাশি রয়েছে আইএসএফ ও এসইউসিআই-এর প্রার্থীরাও। প্রথম দফার ভোট আগামী ২৩ এপ্রিল। এখন দেখার, সমনামী প্রার্থীর বিদায়ের পর নন্দীগ্রামের দখল শেষ পর্যন্ত কার হাতে যায়।