ভোটের আগে পুলিশের মেগা রদবদল! এক ধাক্কায় ১০০ অফিসারকে সরাল কমিশন, প্রকাশ পেল তালিকা

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজতেই প্রশাসনে নিরপেক্ষতা আনতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য। নির্বাচন কমিশনের কড়া নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত ১০০ জন পুলিশ আধিকারিককে (Bengal Police) নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, এই তালিকায় থাকা কোনও আধিকারিককেই ভোটের কোনও কাজে ব্যবহার করা যাবে না। নির্বাচনের আগে যাতে কোনও পক্ষপাতের অভিযোগ না ওঠে, সেই কারণেই এই নজিরবিহীন সিদ্ধান্ত।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই তালিকায় রয়েছেন ৮১ জন ইন্সপেক্টর এবং ১৯ জন সাব-ইন্সপেক্টর। তাঁদের প্রত্যেককে আজ, শুক্রবার দুপুর ৩টের মধ্যে নতুন দায়িত্ব গ্রহণ করে রিপোর্ট করতে বলা হয়েছে। অর্থাৎ, কোনও সময় নষ্ট না করেই দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করছে প্রশাসন।

অপসারিত ৮১ জন ইন্সপেক্টরের মধ্যে রয়েছেন কোচবিহারের কুণালকান্তি দাস ও হেমন্ত শর্মা, ইসলামপুরের বিরাজ মুখোপাধ্যায়, বারাকপুরের বিশ্বজিৎ মণ্ডল, বিধাননগরের জোনাকি বাগচি এবং কৃষ্ণনগরের মানস চৌধুরীর মতো অভিজ্ঞ আধিকারিকরা। এছাড়া শিলিগুড়ি, ডায়মন্ড হারবার, বারাসত, চন্দননগর এবং হাওড়া গ্রামীণ এলাকার একাধিক প্রভাবশালী অফিসারকে সরানো হয়েছে। একইভাবে সাব-ইন্সপেক্টরদের তালিকায় রয়েছেন সুন্দরবনের শেখ জাহাঙ্গির আলি, বারাসতের অরিন্দম হালদার এবং কৃষ্ণনগরের দেবজ্যোতি পাঠক-সহ ১৯ জন। এই ১০০ জন অফিসারকে যে কোনও মূল্যে ভোটের স্পর্শকাতর ডিউটি থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই গণ-বদলি ঘিরে এখন রাজ্য পুলিশের অন্দরে শোরগোল শুরু হয়েছে।