“TMC-র গুণ্ডাদের জায়গা হবে জেলে”-আসানসোলের জনসভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে আজ বাংলা জয়ের ‘ব্লু-প্রিন্ট’ প্রকাশ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসানসোলের জনসভা থেকে মমতার সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে আজ ‘ছয় গ্যারান্টি’ ঘোষণা করলেন তিনি। ভয়ের রাজনীতি শেষ করা থেকে শুরু করে সরকারি কর্মীদের জন্য বহু প্রতীক্ষিত সপ্তম পে কমিশন— প্রধানমন্ত্রীর প্রতিটি ঘোষণায় ছিল পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত।

এক নজরে মোদীর সেই ‘ছয় গ্যারান্টি’:

১. ভয়ের বদলে ভরসা: প্রধানমন্ত্রী বলেন, “বিজেপি ক্ষমতায় এলে বাংলায় গুণ্ডারাজ খতম হবে। মানুষের মনে ভয়ের যে পরিবেশ তৈরি হয়েছে, সেখানে আমরা ভরসা ফিরিয়ে আনব।”

২. দায়বদ্ধ প্রশাসন: সরকারি ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, বিজেপি সরকারের প্রতিটি দপ্তর ও সিস্টেম জনতাকে জবাব দিতে বাধ্য থাকবে। কোনো ফাইল আর লাল ফিতের ফাঁসে আটকে থাকবে না।

৩. দুর্নীতি ও নারী নির্যাতনের কড়া বিচার: মোদীর সবচেয়ে বড় গ্যারান্টি— প্রতিটি দুর্নীতির ফাইল নতুন করে খোলা হবে। পাশাপাশি, রাজ্যে ঘটা প্রতিটি ধর্ষণ বা নারী নির্যাতনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।

৪. ‘মন্ত্রী হোক বা গুণ্ডা, কারও ছাড় নেই’: তৃণমূল জমানার সব দুর্নীতির হিসেব হবে বলে হুঁশিয়ারি দেন মোদী। তিনি বলেন, “সে মন্ত্রী হোক বা দলের প্রভাবশালী নেতা— যারা জনগণের টাকা খেয়েছে, তাদের ঠিকানা হবে জেল। তৃণমূলের কোনও গুণ্ডাকে রেয়াত করা হবে না।”

৫. শরণার্থী বনাম অনুপ্রবেশকারী: অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়ে মোদী স্পষ্ট করেন, যাঁরা বৈধ শরণার্থী তাঁদের সব রকম নাগরিক অধিকার দেওয়া হবে। কিন্তু বাংলা থেকে বেছে বেছে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে।

৬. সরকারি কর্মীদের জন্য সুখবর (সপ্তম পে কমিশন): পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা মেটাতে আজ ট্রাম্প কার্ড খেললেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেন, “বিজেপি ক্ষমতায় এলেই বাংলায় সপ্তম পে কমিশন (7th Pay Commission) লাগু করা হবে।”