ভোটের মুখে মাস্টারস্ট্রোক মমতার! বকেয়া ডিএ মেটাতে ডেটাবেস তৈরির নির্দেশ, পোয়াবারো শিক্ষক-কর্মীদের

রাজ্য বিধানসভা নির্বাচনের ঠিক আগেই সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের মহার্ঘ ভাতা (DA) প্রদানের প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাইছে মমতা সরকার। সম্প্রতি নবান্নে অর্থ দপ্তরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর, এবার উচ্চ শিক্ষা দপ্তরের তরফে রাজ্যের সমস্ত সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের কাছে কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
হিসেব হবে তিন বছরের বকেয়ার
সূত্রের খবর, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ এবং ডিআর (DR)-এর হিসেব করা হবে। এই তিন বছরে কর্মীরা প্রতি মাসে কত টাকা ভাতা পেতেন এবং কত টাকা বকেয়া রয়েছে, তার একটি নিখুঁত ডেটাবেস তৈরি করতে চাইছে নবান্ন।
সার্টিফিকেশন ও ডাটাবেস
বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রত্যেক কর্মচারী বা পেনশনভোগীর সার্ভিস বুক (চাকরি বই) এবং পরিচয় তালিকা যাচাই করে তবেই যেন এই তথ্য দপ্তরে পাঠানো হয়। এই তথ্য সার্টিফাই করার পরেই চূড়ান্ত প্রাপ্য টাকার পরিমাণ নির্ধারণ করা হবে।
মুখ্যমন্ত্রী আগেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে, সরকারি কর্মচারীদের পাশাপাশি শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থার কর্মীরাও এই ডিএ পাবেন। ভোটের আগেই বকেয়া টাকার পরিমাণ চূড়ান্ত হওয়ার খবরে স্বাভাবিকভাবেই খুশি শিক্ষা মহলের একাংশ।